নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানির দাম। যদিও দেশের অন্দরে সেই ধাক্কা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে তেল বিপণন সংস্থাগুলিকে ১.২৩ লক্ষ কোটি টাকা আর্থিক সহায়তা করেছে কেন্দ্রীয় সরকার। যুদ্ধ শুরু হওয়ার প্রথম ৭৮ দিন সরকারের কাছ থেকে এই সহায়তা পেয়েছে তেল সংস্থাগুলি। এই ১.২৩ লক্ষ কোটি টাকার মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে পেট্রল ও ডিজেলে আমদানি শুল্ক ছাড়ের অঙ্ক। তবে ৭৮ দিন ধরে আর্থিকভাবে সহায়তা করার পর অর্থমন্ত্রক সিদ্ধান্ত নেয়, শুধুমাত্র একটি ক্ষেত্রকে এইভাবে সহায়তা প্রদান করে যাওয়া সঠিক হবে না। বর্ধিত দামের একটা অংশ উপভোক্তাদেরও বহন করা উচিত। ফলস্বরূপ ১৫ মে থেকে পেট্রল, ডিজেল, এলপিজির দাম বাড়াতে শুরু করে তেল সংস্থাগুলি। মঙ্গলবার সরকারি সূত্রে একথা জানা গিয়েছে। একইসঙ্গে প্রবীণ সরকারি আধিকারিকরা জানাচ্ছেন, বিগত কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ক্ষতি অব্যাহত। এখনও দৈনিক প্রায় ৬৫২ কোটি টাকা ক্ষতি হচ্ছে তাদের।



