নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি হাসপাতাল, সংশোধনাগার প্রভৃতি জায়গায় খাদ্য সরবরাহ, নিরাপত্তা, পরিচ্ছনতাসহ দৈনিক কাজ যাতে বিঘ্নিত না হয় তার জন্য এজেন্সি নিয়োগের প্রক্রিয়া নির্দিষ্ট করল অর্থদপ্তর। অনেক ক্ষেত্রে দেরিতে টেন্ডার ডাকার জন্য সমস্যা তৈরি হয়। সেই সমস্যা মেটানের উদ্যোগ নেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় যাতে স্বচ্ছতা থাকে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি অনলাইন প্ল্যাটফর্মে (ই-জিইএম) টেন্ডার প্রক্রিয়া চালাতে বলা হয়েছে। আগে দায়িত্বে থাকা সংস্থা বা এজেন্সিগুলির কাজের সময়সীমা বাড়ানো যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আগের সংস্থার কাজের সময়সীমা শেষ হওয়ার অন্তত তিন মাস আগে টেন্ডার ডাকতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, অনেক সময় এজেন্সির কাজের সময়সীমা শেষ হওয়ার কিছুদিনের মধ্যে অর্থদপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে। তাতে বলা হচ্ছে, টেন্ডার প্রক্রিয়া চলছে আপাতত যে এজেন্সি কাজ করছে, তার সময় বাড়ানোর বিষয়টি অনুমোদন করা হোক। এই ব্যবস্থা এখন থেকে আর চলবে না বলে জানিয়ে দিয়েছে অর্থদপ্তর।



