নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কাল, ১৫ জুন থেকে রাজ্যের ১০ জেলায় বাৎসরিক ফাইলেরিয়া নিবারণে ওষুধ দেওয়ার কর্মসূচি বা মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন শুরু হচ্ছে। ডাই ইথাইল কার্বামাজিন (ডিইসি) এবং অ্যালবেনডাজোল গোত্রের প্রতিরোধী ওষুধ দেওয়া হবে। জেলাগুলি হল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং হাওড়া। ২ বছর থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ এই ওষুধ পাবেন। চলবে ৩০ জুন পর্যন্ত—টানা ১৫ দিন ধরে।
আয়ুষ্মান আরোগ্য মন্দির বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মেডিকেল কলেজ—সমস্ত স্তরে সরকারি হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর এবং ইনডোরে বিনামূল্যে এই ওষুধ দেওয়া হবে। পাশাপাশি বাড়ি বাড়ি আশাকর্মীরাও যাবেন। লক্ষ্য একটাই, ২০৩০ সালের মধ্যে জনসংখ্যায় ফাইলেরিয়া বা গোদ আক্রান্তের সংখ্যা যেন ১ শতাংশের নীচে থাকে। প্রসঙ্গত, এখনও পরিস্থিতি তাই আছে। নিয়ম করে কর্মসূচি পালনের উদ্দেশ্যই হল, যাতে কোনোভাবে পরিস্থিতি উদ্বেগজনক না হয়ে ওঠে।
স্বাস্থ্যভবন সূত্রের খবর, ফাইলেরিয়া ছড়ায় কিউলেক্স মশার মাধ্যমে যা কামড়ায় রাতের দিকে। এই রোগে সাধারণভাবে মৃত্যু না হলেও বিশেষভাবে সক্ষম হওয়ার প্রবল আশঙ্কা থাকে।