বার্লিন, ২১ এপ্রিল: একে অপরকে লক্ষ্য করে ছুরির আঘাত, কারও চোখে পেপার স্প্রে, চলল তীব্র হাতাহাতি। জার্মানির মোয়ার্স শহরের ডুইসবার্গ এলাকায় একটি গুরুদ্বারে সংঘর্ষের ঘটনায় অন্তত ১১ জন আহত। ধর্মীয় প্রাঙ্গণের ভিতরেই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আন্তর্জাতিক এক সংবাদপত্রের দাবি, সোমবার গুরুদ্বারে প্রার্থনা শুরুর ঠিক আগেই হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উপস্থিত কয়েকজনের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, যা দ্রুতই চেঁচামেচিতে রূপ নেয়। এরপর অভিযোগ, কারও পক্ষ থেকে পেপার স্প্রে ব্যবহার করা হলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর পরপরই শুরু হয় হাতাহাতি ও মারধর। এমনকি কৃপাণ ব্যবহারের অভিযোগও উঠেছে। বিশৃঙ্খলার মধ্যে এক ব্যক্তি পিস্তল বের করে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুদ্বারের ভিতরে উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। অন্তত ১১ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে, যাদের বেশিরভাগই মাথায় আঘাত পেয়েছেন। তবে জানা গেছে, অধিকাংশের আঘাত গুরুতর নয় এবং প্রাথমিক চিকিৎসা ঘটনাস্থলেই দেওয়া হয়েছে।



