জুরিখ: সাম্প্রতিককালে ফিফা আর বিতর্ক যেন হাত ধরাধরি করে হাঁটছে। প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের পর তা কয়েক গুণ বেড়েছে। এবার একাধিক প্রতিযোগিতা বিক্রির পথে হাঁটছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বিশ্বকাপ সহ ফিফার মূল টুর্নামেন্টগুলির মালিকানা বা অংশীদারিত্ব বিক্রির প্রস্তাবও দিয়ে ফেলেছে তারা। সেখানেই শেষ নয়, প্রস্তাবে সায় দিতে ২১১টি সদস্যকে সময়সীমা বেঁধে দিয়েছেন ইনফানতিনো। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে মত জানাতে হবে। প্রস্তাবটি পাস হলে প্রতিটি সদস্য দেশ এককালীন দুই কোটি ডলার সহ মোট চার কোটি ডলার অর্থাত্ ভারতীয় মুদ্রায় প্রায় ৪০০ কোটি টাকা পর্যন্ত পাবে। আর প্রত্যাখ্যান করলে সহায়তার পরিমাণ কমে দাঁড়াবে এক কোটি ডলারে।
এবার প্রশ্ন উঠতেই পারে, ফিফা কাদের সাহায্যে বিক্রি করছে মালিকানা? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাইয়ের ভাই জোশুয়া কুশনার। তাঁর সংস্থাই শেয়ার কেনাবেচার দায়িত্বে থাকছে। ফিফা সভাপতির প্রস্তাব অনুযায়ী বিশ্বকাপ সহ একাধিক টুর্নামেন্ট আয়োজনের জন্য ‘ফিফা ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ নামে ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান খোলা হবে। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আশা করছে, পুরো বিষয়টিতে ফিফা প্রায় ৪০ হাজার কোটির বেশি টাকা লাভ করতে পারে।
শেষ পর্যন্ত ইনাফানতিনো কার্যসিদ্ধি করতে পারবেন কি? সেটাও কোটি টাকার প্রশ্ন। কারণ, বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের তীব্র বিরোধিতা করেছে উয়েফা (ইউরোপিয়ান ফুটবল নিয়ামক সংস্থা)। তারা জানিয়েছে, ফিফা সীমা অতিক্রম করছে। ফুটবলের আত্মা ও এর পরিচালনব্যবস্থা কোনো বেচাকেনার সম্পদ নয়। এমনকি, ইউরোপের বিভিন্ন দেশ বিশ্বকাপ বর্জন করতেও রাজি।