Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ফিল্ডিংয়ে আরও উন্নতি দরকার: গিল

প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৯২ রানে হেরে বেশ চাপে গুজরাত টাইটান্স। তবে ফাইনালে ওঠার এখনও সুযোগ রয়েছে তাদের সামনে। তাই দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে ভুলত্রুটি শুধরে নিতে মরিয়া ক্যাপ্টেন শুভমান গিল।

ফিল্ডিংয়ে আরও উন্নতি দরকার: গিল
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ধরমশালা: প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৯২ রানে হেরে বেশ চাপে গুজরাত টাইটান্স। তবে ফাইনালে ওঠার এখনও সুযোগ রয়েছে তাদের সামনে। তাই দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে ভুলত্রুটি শুধরে নিতে মরিয়া ক্যাপ্টেন শুভমান গিল। আরসিবি’র কাছে হারের জন্য তিনি ঘুরিয়ে ফিল্ডিংকেই দুষেছেন। গিলের কথায়, ‘২৫৫ রান তাড়া করা সহজ ছিল না। তবে আমরা প্রত্যাশা মতো ব্যাট করতে পারিনি। শুরুতেই পর পর উইকেট পড়ে যাওয়ায় ম্যাচ নাগালের বাইরে চলে গিয়েছিল। একই সঙ্গে আমাদের আত্মসমালোচনাও প্রয়োজন। বিপক্ষ দলের আড়াইশো রান তোলা খুবই উদ্বেগের। আমাদের বোলিংও ভালো হয়নি। সেই সঙ্গে ক্যাচ মিস— এত খারাপ ফিল্ডিং নিয়ে কি ম্যাচ জেতা যায়? ফিল্ডিংয়ে বাড়তি জোর দিতে হবে। সবার আগে ভুলতে হবে প্রথম কোয়ালিফায়ারের হতাশা। নতুন করে শুরু করতে হবে সবকিছু।’

Advertisement

এদিকে, সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন গুজরাত টাইটান্সের তারকা ব্যাটার গ্লেন ফিলিপস। ম্যাচ শেষে সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, রান তাড়া করতে নামার আগেই কি গুজরাত হার মেনে নিয়েছিল? প্রশ্নটা শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন ফিলিপস, ‘বোকার মতো প্রশ্ন করবেন না। কেউ কি হারার জন্য নামে? পেশাদার ক্রিকেটে এসব চলে না। টার্গেট অবশ্যই কঠিন ছিল। কিন্তু জেতার জন্য যেরকম ব্যাটিং প্রয়োজন ছিল, সেটা আমরা মেলে ধরতে পারিনি। তাছাড়া ফিল্ডিংও খারাপ হয়েছে। ক্যাচ মিসের খেসারতও গুনতে হয়েছে দলকে। তবে এসব আলোচনা এখন নিষ্প্রয়োজন। ভুল শুধরে আমরা পরের ম্যাচে সেরাটা দেওয়ার জন্য নামব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ