Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

ঝড়খালিতে যুবক খুনে গ্রেপ্তার হবু বউয়ের ‘প্রেমিক’, প্রত্যাখ্যাত হয়েই কি পরিকল্পনা?

ঝড়খালিতে যুবক খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। তিনি মৃত দেবকুমার গায়েনের প্রেমিকা তথা হবু বউ মিঠু মণ্ডলের আত্মীয়

ঝড়খালিতে যুবক খুনে গ্রেপ্তার হবু বউয়ের ‘প্রেমিক’,  প্রত্যাখ্যাত হয়েই কি পরিকল্পনা?
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ঝড়খালিতে যুবক খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। তিনি মৃত দেবকুমার গায়েনের প্রেমিকা তথা হবু বউ মিঠু মণ্ডলের আত্মীয়। ধৃতের নাম সৌভিক মণ্ডল। তিনি আবার মিঠুকে পছন্দ করতেন এবং এক সময় প্রেম নিবেদনও করেছিলেন। তাতে সায় দেননি ওই যুবতী। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, দুজনের মধ্যে আলাপ ছিল অনেকদিনের। তাঁদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল বলেও দাবি করেছেন অনেকে। তাহলে কি সেই জটিলতা থেকেই দেবকুমারকে খুন করল সৌভিক? বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 

Advertisement

নিজেদের হেপাজতে নিয়ে বাকি তথ্য বের করতে চাইছে পুলিশ। সুপারি কিলার দিয়ে, নাকি নিজেই গুলি করেছিলেন ধৃত যুবক, সেটাও জানতে চাইবেন তদন্তকারীরা। খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি এখনও। বারুইপুর পুলিশ জেলার তরফে জানানো হয়েছে, খুনের পর দুজনকে প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল। তাঁদের আটক করে জেরা করা হয়। কিন্তু কিছু পাওয়া যায়নি বলে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে সৌভিককে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। ওকে পুলিশ হেপাজতে নিয়ে খুনের কারণ, কীভাবে পরিকল্পনা করা হয়েছিল প্রভৃতি তথ্য জানার চেষ্টা করা হবে। ঘটনা প্রসঙ্গে মিঠু বলেন, সৌভিক আমায় প্রেমের প্রস্তাব দিয়েছিল। আমি না করেছিলাম। তখন আমায় সৌভিক বলেছিল, আমি খুশি হব না। কিন্তু ও যে এরকম কিছু করবে সেটা ভাবতেও পারছি না। ওর কড়া শাস্তি দাবি করছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ