Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

চতুর্থ সোমবার পুণ্যার্থীর সংখ্যা কম, ব্যাহত মোবাইল পরিষেবা

শ্রাবণী মেলার চতুর্থ সোমবার তারকেশ্বরে ভক্তদের ঢল নামলেও দ্বিতীয় ও তৃতীয় সোমবারের তুলনায় এদিন পুণ্যার্থীর সংখ্যা ছিল কম।

চতুর্থ সোমবার পুণ্যার্থীর সংখ্যা কম, ব্যাহত মোবাইল পরিষেবা
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: শ্রাবণী মেলার চতুর্থ সোমবার তারকেশ্বরে ভক্তদের ঢল নামলেও দ্বিতীয় ও তৃতীয় সোমবারের তুলনায় এদিন পুণ্যার্থীর সংখ্যা ছিল কম। এদিন বেলা ৩টের মধ্যেই মন্দিরমুখী তীর্থযাত্রীদের চাপ কমে আসে। অন্যান্য সোমবারের মতো রাস্তার ধারে থাকা শিবমূর্তিতে এদিন সেভাবে জল ঢালতে দেখা যায়নি তীর্থযাত্রীদের। এদিন তারকেশ্বরে মোবাইল পরিষেবা বসে যাওয়ায় সমস্যায় পড়েন পুণ্যার্থী, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকজন। টেলি-যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দলছুট যাত্রীদের অনেকেই সঙ্গীদের খুঁজে পাননি। 

Advertisement

প্রতি বছর শ্রাবণ মাসে মোবাইল পরিষেবার দুরবস্থা নিয়ে এক তীর্থযাত্রী বলেন, প্রশাসনের পক্ষ থেকে মোবাইল পরিষেবা সংস্থাগুলির সঙ্গে অবিলম্বে আলোচনা করা প্রয়োজন। এত মানুষের ভিড় হলেও তা সামাল দেওয়ার জন্য তত পরিমাণ টাওয়ার নেই তারকেশ্বরে। মেলার সময় অতিরিক্ত অস্থায়ী টাওয়ার বসিয়ে এই পরিষেবা সচল রাখা প্রয়োজন। এদিন সকাল থেকেই আবহাওয়া গরম থাকায় সরকারি জলসত্রগুলিতে তীর্থযাত্রীদের ভিড় দেখা গিয়েছে। এছাড়াও একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা পরিষেবা দিয়েছে পুণ্যার্থীদের। নতুন সরকার গঠনের কয়েক মাস পরেই তারকেশ্বরে অনুষ্ঠিত হচ্ছে শ্রাবণী মেলা। এই মেলাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। আগামী বছর এই মেলাকে কেন্দ্র করে আরও নতুন কিছু পরিকল্পনা রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পুণ্যার্থীদের পরিষেবা প্রদানে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকে নজর দিচ্ছে প্রশাসন। প্রতি রবিবার তারকেশ্বর থেকে নিমাইতীর্থ ঘাট পর্যন্ত হেলিকপ্টার থেকে তীর্থযাত্রীদের উপর পুষ্প বৃষ্টি করা হচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ