ফরিদাবাদ: হরিয়ানায় স্কুল চলাকালীন পড়ুয়াদের সামনেই খুন শিক্ষিকা। তাঁকে টেনে হিঁচড়ে ক্লাস থেকে বের করে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে এক যুবক। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ফরিদাবাদের একটি বেসরকারি স্কুলে। চোখের সামনে শিক্ষিকাকে খুন হতে দেখে স্কুলের পড়ুয়াদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৩০ বছরের ওই শিক্ষিকার নাম সন্ধ্যা। তাঁর দুই সন্তান রয়েছে। সম্প্রতি অমিত নামে এক যুবকের বিরুদ্ধে উত্যক্ত করার অভিযোগ করেছিলেন শিক্ষিকা। এরপর ওই যুবক প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেও প্রতিশোধ নিতে শিক্ষিকাকে খুন করে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ সাদা মুখোশ পরে স্কুলে প্রবেশ করেছিল আততায়ী। শিক্ষিকা তখন শ্রেণিকক্ষে ছিলেন। তাঁকে ক্লাস থেকে বের করে নিয়ে আসে অভিযুক্ত। এরপর স্কুলের বারান্দায় ছুরি বের করে তাঁর উপর চড়াও হয়। মাত্র ৩০-৩২ সেকেন্ডের মধ্যে অন্তত ৩৪ বার ছুরি দিয়ে কোপায়। সন্ধ্যার চিৎকার শুনে অন্যান্য শিক্ষক ও স্কুলের প্রিন্সিপাল তেজপাল শর্মা ছুটে আসেন। প্রিন্সিপাল বাঁচাতে গেলে তাঁর উপরও দু’বার ছুরি চালিয়ে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।