নয়াদিল্লি: অনলাইন ডেটিং সাইটে সঙ্গী খুঁজতে গিয়ে প্রতারিত হলেন হরিয়ানার এক মহিলা বিচারক। পুলিশ সূত্রে খবর, বেশি রিটার্নের লোভ দেখিয়ে মহিলার কাছ থেকে ধাপে ধাপে ৫২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয় অভিযুক্ত। এরপরেই পরিচয় গোপন করে পরিচারিকাকে দিয়ে প্রতারণার মামলা দায়ের করান ভুক্তভোগী বিচারক। মামলাটি আদালতে উঠলে অভিযুক্ত দীপক ভাটসের জামিন খারিজ করে দেন পাতিয়ালা হাউস কোর্টের বিচারক সৌরভ প্রতাপ সিং। পাশাপাশি মামলা দায়েরের ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
জানা গিয়েছে, গত নভেম্বরে অনলাইন ডেটিং অ্যাপে ওই প্রতারকের সঙ্গে আলাপ হয়েছিল বিচারকের। অভিযুক্ত নিজেকে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগে কর্মরত বলে পরিচয় দেয়। পরে দু’জনের ঘনিষ্ঠতা বাড়লে বেশি রিটার্নে বিনিয়োগের ফাঁদ পাতে দীপক। ধাপে ধাপে হাতিয়ে নেয় প্রায় ৫২ লক্ষ টাকা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন বিচারক। তবে নিজের নামে নয়, পরিচারিকাকে দিয়ে প্রতারণার অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগপত্রে লেখা ছিল, ডেটিং অ্যাপে প্রতারিত হয়েছেন ওই পরিচারিকাই। তবে আদালতে গোটা বিষয়টি খোলসা হয়ে যায়। ভুক্তভোগী বিচারক আদালতে স্বীকার করেন, ব্যক্তিগত অস্বস্তি এড়াতে ও পেশাগত সংবেদনশীলতার কারণে তিনি এই কাজ করেছিলেন। যদিও আদালতের মন্তব্য, ‘কোনো আধিকারিকের ব্যক্তিগত সম্মানহানির কারণে তদন্ত ব্যাহত হতে পারে না।’