Bartaman Logo
২৭ মে, ২০২৬

অপারেশন সিন্দুর: ভারতীয় সেনার সাংবাদিক বৈঠকে হাজির মহিলা কর্নেল ও উইং কমান্ডার, দিলেন স্পষ্ট বার্তা

অপারেশন সিন্দুর: ভারতীয় সেনার সাংবাদিক বৈঠকে হাজির মহিলা কর্নেল ও উইং কমান্ডার, দিলেন স্পষ্ট বার্তা
  • ৭ মে, ২০২৫ ১৭:০৫

নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পর প্রথম 'বদলা' নিল ভারতীয় সেনা। মিডনাইট স্ট্রাইকের মাধ্যমে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে সেনা। মঙ্গলবার মধ্যরাতেই 'অপারেশন সিন্দুর'-এর সাফল্যের কথা জানানো হয় ভারতীয় সেনার তরফে। এরপর আজ সকাল ১০টা ৩৫ মিনিটে সাংবাদিক বৈঠকে বসে সেনা। উপস্থিত ছিলেন বিদেশসচিব বিক্রম মিস্রী। সেনার তরফে হাজির থাকা, দুই প্রতিনিধির মধ্যে একজন উইং কমান্ডার ব্যোমিকা সিং ও অন্যজন কর্নেল সোফিয়া কুরেশি।

Advertisement

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পহেলগাঁওয়ে মহিলাদের সামনেই স্বামীকে হত্যা করে যেভাবে তাঁদের সিঁথির সিঁদুরের উপর আঘাত করা হয়েছিল। তার বদলা নিতেই 'অপারেশন সিন্দুর' লঞ্চ করে ভারত। আর সেই কারণেই সাংবাদিক বৈঠকেও রাখা হয়েছিল দুই মহিলাকে সেনানিকেই।

সাংবাদিক বৈঠকে  বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, 'মুম্বইয়ের পর পহেলগাঁওয়ের হামলা ভারতের বুকে সবচেয়ে বড় জঙ্গি হামলা। এই হামলায় পরিবারের সামনেই পুরুষদের মাথায় গুলি করা হয়েছে। জঙ্গি সংগঠন টিআরএফ হামলার দায় স্বীকার করেছে। জৈশ, লস্করেরা এই ধরনের সংগঠনের মাধ্যমে জঙ্গি কার্যকলাপ করে চলেছে। তার বিরুদ্ধই ভারতের এই জবাব।’ একইসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, রাষ্ট্রসঙ্ঘ গত ২৫ এপ্রিল পহেলগাঁও হামলার নিন্দা করে ন্যাবিচারের পক্ষে সওয়াল করেছিল। ভারত সেই ন্যায় বিচারের ভিত্তিতেই এই প্রত্যাঘাত করল।

অন্যদিকে, ভারতীয় সেনার এই প্রত্যাঘাতের বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন, উইং কমান্ডার ব্যোমিকা সিং ও অন্যজন কর্নেল সোফিয়া কুরেশি। তাঁরা জানান, এই পাল্টা জবাবের মাধ্যমে পাকিস্তানের মোট ৯টি জঙ্গি ঘাঁটিকে নিশানা করা হয়েছিল। সেগুলি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে কোনও সাধারণ নাগরিকের ক্ষয়ক্ষতি হয়নি। শুধুমাত্র বেছে বেছে নির্দিষ্ট বিল্ডিংগুলিকেই নিশানা করা হয়েছে। পাকিস্তানের সেনা ঘাঁটিতেও হামলা করা হয়নি। 

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, পাকিস্তানের মধ্যে যে কটি জঙ্গি ঘাঁটি ওড়ানো হয়েছে, তার মধ্যে রয়েছে শিয়ালকোটের সার্জাল ক্যাম্প, মেহমুনা জোয়া ক্যাম্প। এই ক্যাম্পগুলি পরিচালনা করা হত হিজবুলের তরফে। ভারতীয় বায়ুসেনা বেছে বেছে এগুলিকে নিশানা করে। এছাড়াও, পাক অধিকৃত কাশ্মীরেও একাধিক জঙ্গি ঘাঁটিকে নিশানা করা হয়। এই ক্যাম্পগুলি মূলত জইশ ও লস্কর-ই-তইবার ঘাঁটি ছিল। এদিন অপারেশন 'সিন্দুর'-এর মাধ্যমে এই ঘাঁটিগুলিকেই গুঁড়িয়ে দিয়েছে সেনা।

সম্পর্কিত সংবাদ