


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিগুয়েলকে নিয়ে উদ্বেগ বাড়ছে ইস্ট বেঙ্গলে। শনিবার ফেডারেশনের তরফে লাল-হলুদ ম্যানেজমেন্টকে ই-মেল পাঠানো হয়। কেন ব্রাজিলিয়ান মিডিওটিকে নির্বাসিত করা হবে না তার কারণ জানাতে বলা হয়েছে। উল্লেখ্য, বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন মিগুয়েল। শুধু তাই নয়, মাঠ ছাড়ার আগে প্রতিপক্ষ ডাগ-আউটের দিকে বলে শটও মেরেছেন তিনি। মাথা গরম করে মেজাজ হারানোয় বিপাকে ইস্ট বেঙ্গল। তবে রেফারির লাল কার্ড দেখানোর সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ থিঙ্কট্যাঙ্ক। মিগুয়েলের শাস্তি কমানোর আবেদন জানিয়ে ম্যাচের পরেই ফেডারেশনকে ই-মেল করে ইস্ট বেঙ্গল।
আইএসএলে আরও ৫টি ম্যাচ বাকি অস্কার ব্রুজোঁ ব্রিগেডের। ২৮ এপ্রিল ওড়িশা এফসি’র বিরুদ্ধে মিগুয়েল নেই। বাংলায় নির্বাচনের কারণে এই ম্যাচ হবে গোয়ায়। তারপর মশালবাহিনীর প্রতিপক্ষ যথাক্রমে মুম্বই সিটি ও পাঞ্জাব। পাশাপাশি ১৭ মে হাই-ভোল্টেজ ডার্বি। তাই যত তাড়াতাড়ি মিগুয়েলকে মাঠে ফেরানো যায় ততই মঙ্গল। অস্কারের দলে তিনিই সেরা প্লে-মেকার। তাঁর বিকল্প পাওয়া মুশকিল। মাঝমাঠের অন্য দুই বিদেশি সাউল ক্রেসপো ও রশিদ। এর মধ্যে সাউল বক্স টু বক্স খেলতে পারেন। প্যালেস্তাইনের রশিদ মূলত স্ন্যাচার। কিছুটা সুরাহা করতে পারতেন নাওরেম মহেশ সিং। কিন্তু হাঁটুর চোটের কারণে তিনিও বাইরে। সেক্ষেত্রে স্প্যানিশ কোচের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। চলতি টুর্নামেন্টে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট লাল-হলুদ ব্রিগেডের। অংকের বিচারে খেতাব জয়ের দৌড়ে দারুণভাবে রয়েছে তারা। কিন্তু পয়েন্ট হারালেই চাপ বাড়বে অস্কারের উপর।