ওসলো, ৫ অক্টোবর: চোখে চশমা। সেই চশমাই যদি গোপনে আপনার ছবি তুলে নেয়, কথোপকথন রেকর্ড করে বা আপনার গতিবিধির ভিডিও করে ফেলে? ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে এমনই আশঙ্কা থেকে এবার এআই চালিত স্মার্ট চশমার ব্যবহার নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিতে চলেছে নিশীথ সূর্যের দেশ নরওয়ে। দেশের একাধিক জনবহুল এলাকায় সাময়িকভাবে এই ধরনের চশমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করেছে নরওয়ের সরকার।
সোমবার সরকারের তরফে জানানো হয়েছে, পার্ক, সমুদ্রসৈকত, মিউজিয়াম, শপিং মল এবং বিভিন্ন জায়গা যেখানে বিশেষত মানুষের সমাগম বেশি সেই সব জায়গায় প্রস্তাবিত এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। শুধু তাই নয়, স্কুল, খেলার মাঠ এবং বিভিন্ন বিনোদনমূলক ক্লাবকেও নিষেধাজ্ঞার আওতায় আনার কথা ভাবা হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্র, জিম এবং যেখানে চেঞ্জিং রুম বা শাওয়ারের মতো ব্যক্তিগত পরিসর রয়েছে, সেখানেও এআই চশমা ব্যবহারে বিধিনিষেধ জারি হতে পারে বলে সূত্রের খবর। বিশ্ববিদ্যালয়, কলেজ-সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও এই তালিকায় রাখা হবে কি না, তা নিয়েও পর্যালোচনা চলছে।
নরওয়ের ডিজিটালাইজেশন ও পাবলিক গভর্ন্যান্স মন্ত্রী তোরগেইর মিকেলসেন জানিয়েছেন, ‘এআই চশমার মাধ্যমে কোনো ব্যক্তির অজান্তেই ছবি তোলা, ভিডিও করা বা কথোপকথন রেকর্ড করার সম্ভাবনা নিয়ে সরকার উদ্বিগ্ন। প্রযুক্তির দ্রুত প্রসারের সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি কীভাবে নিশ্চিত করা যায়, সেটিই এখন মূল প্রশ্ন’।
প্রস্তাবিত সাময়িক নিষেধাজ্ঞার খসড়া যত দ্রুত সম্ভব সংসদে পেশ করার কথা জানিয়েছে নরওয়ের সরকার। পাশাপাশি, শিক্ষামন্ত্রী কারি নেসা নর্ডটুন ইতিমধ্যেই দেশের পুরসভাগুলিকে স্কুলগুলিতে এআই চশমা নিষিদ্ধ করার করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।