মুম্বই, ১৮ সেপ্টম্বর: রেস্তরাঁর খাবার রাখার জায়গার পাশেই টয়লেট। ফ্রিজের পাশে মাংসের রক্ত। রান্না ঘরে অবাধে ঘুরে বেড়াচ্ছে আরশোলার দল। এমনকি বাসন ধোয়ার জায়গা এবং রান্নার পরিবেশও অত্যন্ত অস্বাস্থ্যকর। না এটি কোনো ফুটপাতের খাবারের দোকানের চিত্র নয়। বরং এটি মুম্বইয়ের এক প্রসিদ্ধ রেস্তরাঁর অলিম্পিয়া কফি হাউসের অবস্থা। আরশোলা ও মাছির উপদ্রব-সহ নানা অনিয়মের সন্ধান পাওয়ার পর এই রেস্তরাঁর খাদ্য লাইসেন্স তাৎক্ষণিকভাবে স্থগিত করল মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।
বুধবার 'সেফ ফুড, সেফ মহারাষ্ট্র' অভিযান চলাকালীন এক ক্রেতার অভিযোগ পাওয়ার পর এই রেস্তরাঁয় পরিদর্শনে যান এফডিএ আধিকারিকরা। সেখানেই খাবার সংরক্ষণ, প্রস্তুতি, পরিবেশন এবং সামগ্রিক পরিচ্ছন্নতার ক্ষেত্রে একাধিক গুরুতর ত্রুটি ধরা পড়ে। অভিযানের সময় মজুত খাবারের খুব কাছেই শৌচাগার থাকায় বিস্মিত হন আধিকারিকরা। পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে রেফ্রিজারেটর পরীক্ষা করার সময়। আধিকারিকদের নজরে আসে আরশোলা ও মাছির উপস্থিতি। পাশাপাশি ফ্রিজের ভিতরে রক্তের দাগও দেখা যায় বলে জানা গিয়েছে। খাবার সংরক্ষণের ক্ষেত্রে এমন পরিবেশ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। শুধু খাবার নয়, রেস্তরাঁয় ব্যবহৃত জলের মান নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে আসার পর জলের গুণমান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে জানিয়েছেন আধিকারিকরা। এছাড়াও রেস্তরাঁর টেবিলক্লথ এবং অন্যান্য ব্যবহৃত সামগ্রীতে দীর্ঘদিনের ময়লা জমে থাকার বিষয়টি পরিদর্শনে ধরা পড়ে। সামগ্রিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে একাধিক গাফিলতির ছবি উঠে এসেছে এই অভিযানে।
শুধু পরিকাঠামো ও পরিচ্ছন্নতাই নয়, কর্মীদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়েও গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে। রেস্তরাঁর মোট ৩৫ জন কর্মীদের মধ্যে ৩৪ জনই প্রয়োজনীয় খাদ্য নিরাপত্তা প্রশিক্ষণ ছাড়ায় এখানে কাজ করছিলেন বলে জানা গিয়েছে। এই সমস্ত অনিয়ম এবং জনস্বাস্থ্যের সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনা করে খাদ্য নিরাপত্তা ও মান আইনের ২০০৬ সালের ৩২(৩) ধারার অধীনে সংশ্লিষ্ট খাদ্য লাইসেন্স তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে এফডিএ। লাইসেন্স স্থগিত থাকার সময়ে রেস্তরাঁটিকে খাবার কেনা, প্রস্তুত করা, সংরক্ষণ, বিক্রি এবং সরবরাহ সব ধরনের খাদ্য সংক্রান্ত কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।