নয়াদিল্লি: ইথানল মিশ্রিত পেট্রল বিক্রি নিয়ে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যেই ইথানল উত্পাদন নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। গড় সংগ্রহ মূল্যের থেকে ৪০ শতাংশ কম দামে ইথানল প্ল্যান্টগুলিকে চাল বিক্রি করেছে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া (এফসিআই)। গত বছরের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্ল্যান্টগুলিকে প্রতি কুইন্টাল ২ হাজার ২৫০ টাকা থেকে ২ হাজার ৩২০ টাকা দরে চাল বিক্রি করা হয়েছে। অথচ ২০২৪-২৫ অর্থবর্ষে চালের গড় ক্রয়মূল্য ছিল কুইন্টাল পিছু ৩ হাজার ৭২০ টাকা। আর পরের অর্থবর্ষে তা বাড়িয়ে করা হয়েছিল ৩ হাজার ৮৮৯ টাকা। কম দামে ইথানল প্ল্যান্টে চাল সরবরাহের বিষয়টি স্বীকার করছে খোদ কেন্দ্রীয় সরকারই। রাজ্যসভায় খাদ্য ও সরবরাহ মন্ত্রকের দেওয়া তথ্যেই এফসিআইয়ের বিপুল ছাড়ে চাল সরবরাহের বিষয়টি উঠে এসেছে। তারা জানিয়েছে, এক বছরে এফসিআই ইথানল উত্পাদন কেন্দ্রগুলিতে ৬৩ লক্ষ টন চাল পাঠিয়েছে। যার মোট দাম ১৪ হাজার ৫৯৬ কোটি টাকা। শুধু তাই নয়, চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত এফসিআই কত দামে ইথানল প্ল্যান্টগুলিকে চাল বিক্রি করবে, তাও নির্ধারণ করে দিয়েছে মন্ত্রক। তারা জানিয়েছে, এই সময়কালে প্রতি কুইন্টাল ২ হাজার ৩৯০ টাকা দরে চাল বিক্রি করা যাবে।



