চণ্ডীগড়: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে খুনের নেপথ্যে লরেন্স বিষ্ণোই ও সতিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারকে দায়ী করল মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই। দু’জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। পৃথক মামলায় অভিযুক্ত বিষ্ণোই ঘনিষ্ঠ রোহিত গোদারা ও জগু ভগবানপুরিয়া। অন্যদিকে, উত্তর আমেরিকা ও ইউরোপজুড়ে অভিযান চালিয়ে মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে এফবিআই। এদিকে কানাডা পুলিশ জানিয়েছে, নিজ্জর খুনে ভারতের কোনো হাত নেই। ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরের একটি গুরুদ্বারের বাইরে গুলি করে হত্যা করা হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে। মার্কিন তদন্তকারী সংস্থার দাবি, গোল্ডি ও বিষ্ণোইয়ের নির্দেশেই এই কাজ হয়েছিল। নিজ্জর হত্যাকাণ্ডে মোট ৩৭ জনের নাম জড়িয়েছে। এরা বিভিন্ন গ্যাং বা অপরাধ গোষ্ঠীর সদস্য। এর মধ্যে একটি গোষ্ঠীর মাথা লরেন্স বিষ্ণোই। চার্জশিটে বলা হয়েছে, আদতে পঞ্জাবের বাসিন্দা ৩৩ বছরের লরেন্স বিষ্ণোই একসময় ছিলেন ছাত্রনেতা। পরে অপরাধের জগতে প্রবেশ করেন। বিষ্ণোই নিজেকে দেশপ্রেমিক, জাতীয়তাবাদী ও ধর্মপ্রাণ হিসাবে দাবি করেন। সেই ভাবমূর্তিকে কাজে লাগিয়ে তিনি ভারত, আমেরিকা, কানাডা-সহ বিভিন্ন দেশে অপরাধচক্রের জন্য সদস্য সংগ্রহ করতেন। তদন্তকারীদের দাবি, জেলের ভিতর থেকেও খুন, অপহরণ, মাদক পাচার-সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশ দিতেন বিষ্ণোই। তবে গ্যাংয়ের দৈনন্দিন কার্যকলাপ পরিচালনার দায়িত্ব ছিল বিষ্ণোই ঘনিষ্ঠ গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। মার্কিন তদন্তকারীদের দাবি, গোল্ডি ব্রার ও রোহিত গোদারাই বিষ্ণোইয়ের হয়ে সিদ্ধান্ত নিতেন। ইতিমধ্যেই গোল্ডিকে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত করেছে এফবিআই। পাশাপাশি, তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০হাজার ডলার অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে।



