Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাপ-বেটা মিলেই অমিত শাহের কাছে আত্মসমর্পণ করব: হুমায়ুন, নিজেদের জেতা কেন্দ্রগুলি মডেল বানাক বিজেপি, কটাক্ষ

বিজেপি নিজেদের জেতা আসনগুলিতে মডেল বিধানসভা কেন্দ্র করুক। তাহলেই নিজের ছেলেকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আত্মসমর্পণ করব-উপনির্বাচনের আগে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের এমন মন্তব্যকে ঘিরে জল্পনা শুরু হয়েছে।

বাপ-বেটা মিলেই অমিত শাহের কাছে আত্মসমর্পণ করব: হুমায়ুন, নিজেদের জেতা কেন্দ্রগুলি মডেল বানাক বিজেপি, কটাক্ষ
  • ৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিজেপি নিজেদের জেতা আসনগুলিতে মডেল বিধানসভা কেন্দ্র করুক। তাহলেই নিজের ছেলেকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আত্মসমর্পণ করব-উপনির্বাচনের আগে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের এমন মন্তব্যকে ঘিরে জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ বিষয়টিকে ফের বিজেপি যোগের তোড়জোড় বলে চালালেও, বিষয়টি আসলে যে বিজেপির প্রতি কটাক্ষ, তা বলছে রাজনৈতিক মহল। 

Advertisement

বৃহস্পতিবার বিকালে রেজিনগর বিধানসভার শক্তিপুরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, বিজেপি জিতলে রেজিনগরকে মডেল বিধানসভা করবেন। তারই জবাবে এজেইউপি চেয়ারম্যান হুমায়ুন শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, ‘যদি দেখি এখানে বিজেপির জেতা আটটি কেন্দ্র মডেল বিধানসভায় পরিণত হচ্ছে, তাহলে দিল্লি চলে যাব। কারণ, রেজিনগরে আমরাই জিতব। জিতে সোজা বাপ-বেটা দিল্লি চলে যাব। অমিত শাহের পায়ে হাত দিয়ে সারেন্ডার করব। আত্মসসমর্পণ করে বলব, আপনার মুখ্যমন্ত্রী বলেছিল বিজেপি জিতলে মডেল বিধানসভা করে দেব। তা ওরা তো জিততে পারল না। রেজিনগরের মানুষের স্বার্থে বাপ-বেটা যাব। 
ওঁনাকে (অমিত শাহ) বলব, আপনি আমাদের মডেল বিধানসভা করে দিন। দরকার পড়লে আরএসএস নেতাদের কাছেও যাব।’ প্রয়োজন পড়লে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের দ্বারস্থও হবেন বলে হুমায়ুন কবীর জানিয়েছেন। শক্তিপুরের সভা থেকে হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন শুভেন্দু। জনসভায় নওদার বিধায়কের উদ্দেশে একের পর এক তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘আপনার লোকেরাই আপনার কাছ থেকে সরে গিয়েছে। কারণ আপনাকে রাজনৈতিক পরিচয় দেওয়া কংগ্রেসের অধীর চৌধুরীকে আপনি ছুরি মেরেছেন। আপনি যখন মন্ত্রী ছিলেন, রেজিনগরে দাঁড়িয়েছিলেন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 
তৃণমূল বলেছিল, বিধায়ক চাইছেন না মন্ত্রী চাইছেন? সেদিন রেজিনগরের মানুষ আপনাকে হারিয়েছিল। আপনাকে আশ্রয় দিয়েছিলেন মুকুল রায়। আপনি বিজেপির সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন। শেষ আশ্রয়স্থল ছিল তৃণমূল। আপনিও ধর্মীয় স্থানকে সামনে রেখে রাজনীতি করেছেন।’
এদিন হুমায়ুনের বক্তব্যের জবাবে বিজেপি প্রার্থী শাখারভ সরকার বলেন, হুমায়ুন না কি যেন নাম ওই লোকের! যাকে এখন বিশ্বাসঘাতক বলেই লোকজন ডাকে। সব কূল হারিয়ে বিজেপির নাম নিচ্ছেন। ওঁর মতো লোককে বিজেপি কেন, কোনো দলই নেবে না। ছেলেকে প্রার্থী করে হেরে যাবে বুঝে, সারেন্ডার করার কথা বলছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ