নয়াদিল্লি: ফ্যাশন শোতে বিশেষ ধরনের চপ্পলের প্রদর্শন। তা হুবহু ভারতের ঐতিহ্যশালী কোলাপুরি চপ্পলের মতো। অথচ ইতালির বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড প্রাডা এর কোনও উল্লেখই করেনি। চপ্পলের এই ডিজাইনকে নিজেদের বলে চালানোর চেষ্টা করে বিতর্কের মুখে পড়ে প্রাডা। শেষপর্যন্ত চাপের মুখে পড়ে তারা স্বীকার করে নিল, বিশেষ ওই পাদুকা আসলে ভারতের কোলাপুরি চপ্পলেরই অনুকরণ।
লরেঞ্জো বেরতেলি নামে প্রাডার এক প্রতিনিধি বলেন, ‘২০২৬ সালে পুরুষদের গ্রীষ্মকালীন ফ্যাশন শোয়ে ব্যবহৃত স্যান্ডেল ভারতীয় কোলাপুরি চপ্পলের আদলে তৈরি। বিষয়টি আমরা মেনে নিচ্ছি। ভারতের এই ঐতিহ্য কয়েকশো বছরের। কারিগরির এই ঐতিহ্যবাহী ধারাকে আমরা স্বীকৃতি জানাই।’ তিনি আরও বলেন, ‘জুতোগুলি এখন ডিজাইন ডেভেলপমেন্ট পর্যায়ে পয়েছে। একটিও বিক্রি করা হয়নি। ডিজাইনের ক্ষেত্রে দায়িত্বশীলতা বজায় রাখার ক্ষেত্রে আমরা দায়বদ্ধ। ভারতের স্থানীয় কারিগরদের সঙ্গে কাজ করতে চাই। এতে সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি পাবে। অতীতেও আমরা এই ধরনের কাজ করেছি। শিল্পীদের তাদের সৃষ্টির জন্য যোগ্য সম্মান দেওয়া উচিত।’
নেহরু জ্যাকেট থেকে পাগড়ি। বিশ্বমঞ্চে বারবার জায়গা করে নিয়েছে ভারতীয় ফ্যাশন। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে মহারাষ্ট্রের বিখ্যাত কোলাপুরি চপ্পল। ২৩ জুন মিলানে ফ্যাশন শোয়ের আয়োজন করেছিল বিখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড প্রাডা। সেখানে পোশাকের বাহারের মাঝেই নজর কেড়েছিল বাদামি রংয়ের চামড়ার চপ্পল। দেখতে হুবহু ভারতের কোলপুরি চপ্পলের মতো। বিষয়টি দেখে অনেকেই খুশি হয়েছিলেন। তবে ওই জুতোর উৎপত্তি বা কারিগরদের উল্লেখ না থাকায় দানা বাঁধে বিতর্ক। বিষয়টি নিয়ে সরব হন মহারাষ্ট্র চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচারের সভাপতি ললিত গান্ধী। অভিযোগ, কোলাপুরি ব্যবহার করলেও তার ভারতীয় উৎপত্তির কথা জানায়নি প্রাডা। ফ্যাশন ব্র্যান্ডের কর্তৃপক্ষকে চিঠিও লেখেন তিনি। তার উত্তরেই এমন প্রতিক্রিয়া জানিয়েছে ইতালির অন্যতম ফ্যাশন ব্র্যান্ড।