নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী বছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। গুরুত্বপূর্ণ সেই ভোটের আগে ফের কিষান অস্ত্রে শান পড়ছে। বৃহস্পতিবার সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, আগামী ৩ অক্টোবর দেশজুড়ে ১ লক্ষ গ্রামে মহাপঞ্চায়েতের আয়োজন করবে বিক্ষোভরত কৃষকরা। এখানেই শেষ নয়। শীঘ্রই দেশব্যাপী বড়োসড়ো কৃষক আন্দোলনও শুরু হবে।
এদিন সংযুক্ত কিষান মোর্চা অভিযোগ করে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের গরিব কৃষকদের কথা শুনতেই চাইছেন না। কেন্দ্রীয় সরকার যে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল, কয়েক বছর পেরিয়ে যাওয়ার পরেও তা পূরণ করা হয়নি। এপ্রেক্ষিতে তাই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ও চেয়েছে কিষান মোর্চা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিজেপি দলের সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক করা হবে। কৃষকদের দাবিদাওয়া নিয়ে সংসদ এবং বিধানসভায় সরব হবেন তাঁরা।