Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

১৩১ দিন পর অনশন প্রত্যাহার করলেন কৃষকনেতা দাল্লেওয়াল

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ বিক্ষোভরত কৃষকদের অন্যান্য দাবিতে আইনি সিলমোহর দিতে হবে। এমনই দাবিতে গত বছরের ২৬ নভেম্বর অনশন শুরু করেছিলেন।

১৩১ দিন পর অনশন প্রত্যাহার করলেন কৃষকনেতা দাল্লেওয়াল
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ বিক্ষোভরত কৃষকদের অন্যান্য দাবিতে আইনি সিলমোহর দিতে হবে। এমনই দাবিতে গত বছরের ২৬ নভেম্বর অনশন শুরু করেছিলেন। মাঝে কেটে গিয়েছে কয়েকমাস। রবিবার ১৩১ দিন পর অনশন প্রত্যাহার করলেন বর্ষীয়ান কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল। অনশন ভাঙলেও তাঁর স্পষ্ট বার্তা- ‘কৃষকদের আন্দোলন জারি থাকবে।’ 

Advertisement

এদিন পাঞ্জাবের ফতেগড় সাহিব জেলার সিরহিন্দ এলাকায় একটি কিষান মহাপঞ্চায়েতে এই অনশন ভাঙার কথা ঘোষণা করেন দাল্লেওয়াল। এব্যাপারে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই মোর্চার কৃষক থেকে শুরু করে নেতৃবৃন্দ আমৃত্যু অনশন প্রত্যাহারের আবেদন জানাচ্ছিলেন। আজ তাঁদের কথা মেনে এই অনশন প্রত্যাহার করলাম। এই দীর্ঘ সময়ে আমার পাশে থেকে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সবার কাছে ঋণী। আপনাদের আবেগকে সম্মান জানাই। তাই এই সিদ্ধান্ত। তবে কৃষক আন্দোলন থামবে না।’
শনিবার দাল্লেওয়ালের কাছে অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও রেলের রাষ্ট্রমন্ত্রী রবনীত সিং বিট্টু। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, পূর্বের ঘোষণা মতো আগামী ৪ মে কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসা হবে। তবে কৃষক নেতার সুস্থ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরই রবিবার অনশন প্রত্যাহারের ঘোষণা করেন দাল্লেওয়াল।

Advertisement
সম্পর্কিত সংবাদ