Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেককে দেখতে ওভারহেড জলের ট্যাঙ্কে সমর্থকরা

মঞ্চে ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ঘোষণা করছেন, কিছুক্ষণের মধ্যে নামবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার

অভিষেককে দেখতে ওভারহেড জলের ট্যাঙ্কে সমর্থকরা
  • ২৬ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মঞ্চে ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ঘোষণা করছেন, কিছুক্ষণের মধ্যে নামবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। সভাস্থল কানায় কানায় পূর্ণ। মঞ্চের পাশে রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন অসংখ্য কর্মী-সমর্থক থেকে সাধারণ মানুষ। যান চলাচল একপ্রকার স্তব্ধ। সভাস্থলের ঠিক পাশে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। তার চারদিকে ব্যারিকেড ঘেঁষে চড়া রোদ মাথায় নিয়ে কৌতূহলী চোখে অপেক্ষা করছেন শয়ে শয়ে মানুষ। তৃণমূলের সেনাপতিকে দেখার জন্য তখন অপেক্ষা শুরু হয়েছে। মঞ্চ থেকে কিছুটা দূরে একটি জলের ওভারহেড ট্যাঙ্ক রয়েছে। দূর থেকে দেখা গেল, সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে বসে রয়েছেন বহু মানুষ। সাড়ে তিনটের একটু আগে অভিষেকের হেলিকপ্টার ভাঙড়ের মাটি স্পর্শ করতেই চারিদিক যেমন উল্লাসে ফেটে পড়েন কর্মী-সমর্থকরা, তেমনই ঝুঁকি নিয়ে সেই জলের ট্যাঙ্কের সিঁড়িতে দাঁড়িয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন মানুষ। কাছাকাছি আসতে না পেরে ওই জলের ট্যাঙ্ক বেছে নিয়েছিলেন তাঁরা। যেভাবে এদিন তীব্র গরম উপেক্ষা করে মহিলাদের ভিড় হয়েছিল সভায়, তা দেখে উচ্ছ্বাস ব্যক্ত করেন অভিষেক। নতমস্তকে তাঁদের প্রণামও জানান তিনি। এক সপ্তাহ আগে মুখ্যমন্ত্রীর সভার মতো এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দেখতে উপচে পড়া ভিড় ছিল সভাস্থলে। অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে থেকে মানুষের ঢল নেমে আসে কাটাডাঙার মাঠে। বিশেষ করে বহু মহিলারা সন্তানদের নিয়ে এসেছিলেন অভিষেকের বক্তব্য শুনতে। কম বয়সিদের মধ্যেও উৎসাহ কম ছিল না। যুবক যুবতীরাও বিভিন্ন কাটআউট হাতে নিয়ে তৃণমূলের সেনাপতির প্রতি তাঁদের আস্থা ও ভালোবাসা ব্যক্ত করতে পিছ পা হননি। শিশুদের গরমে কষ্ট হলেও তাঁদের নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়নি কাউকে। শাহানারা বেগম, কবিতা মণ্ডল, লতিকা পাইকরা বলেন, গত সপ্তাহে দিদিকে দেখেছিলাম। এদিন অভিষেক দাকে দেখে শান্তি হল। তাই যত গরম হোক, সব সহ্য করেছি। কারণ এই সুযোগ তো বারে বারে আসবে না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ