নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৪ ফেব্রুয়ারি আইএসএলের উদ্বোধন। কিন্তু ম্যাচ কোথায় দেখানো হবে? তা নিয়ে প্রবল উৎকণ্ঠায় ছিলেন ফুটবলপ্রেমীরা। সোমবার আনুষ্ঠানিকভাবে দরপত্র কিনে নিল ফ্যানকোড অ্যাপ। অর্থাৎ মোবাইলে ওটিটি প্ল্যাটফর্মে তারাই ম্যাচ দেখানোর অধিকারী। উল্লেখ্য, নির্দিষ্ট টাকার কুপনের বিনিময়ে পৃথিবীর বিভিন্ন লিগের ম্যাচ লাইভ স্ট্রিম করে থাকে ফ্যান কোড। এর আগে ভারতের জাতীয় দলের ম্যাচও সেখানে সম্প্রচারিত হয়েছে। সূত্রের খবর, ৮.৬২ কোটি টাকার বিনিয়মে ৯১টি ম্যাচের স্বত্ত্ব কিনলো তারা। কিন্তু অন্য সমস্যাও রয়েছে। মোবাইলে হাল হকিকত জানা না থাকলে ওটিটি প্ল্যাটফর্মে ম্যাচ দেখতে অনেকেই সমস্যায় পড়েন। সমর্থকদের একটা বড় অংশ টেলিভিশনে ম্যাচ দেখতেই অভ্যস্ত। সূত্রের খবর, অন্তত দু’টি টিভি চ্যানেলের সঙ্গে কথা চালাচ্ছে ফ্যান কোড। শর্ত মানলে টেলিভিশনেও ম্যাচ দেখানো হতে পারে।



