নয়াদিল্লি: মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগে সিবিআইয়ের ৬ জন অফিসারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। এক প্রাক্তন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (আইআরএস) আধিকারিকের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় সরকারের সঙ্গে চিঠি আদান-প্রদান নিয়ে ওই সিবিআই আধিকারিকরা মিথ্যা বিবৃতি দিয়েছিলেন বলে অভিযোগ। তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের ক্ষেত্রে সিবিআইয়ের বিশেষ বিচারককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছে হাইকোর্ট। বিচারপতি মধু জৈনের নির্দেশ, বিশেষ বিচারককে চার সপ্তাহের মধ্যে ওই অভিযোগপত্র সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিতে হবে।
প্রাক্তন আইআরএস আধিকারিক অশোককুমার আগরওয়ালের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রয়েছে—এই অভিযোগ তুলে তদন্ত শুরু করে সিবিআই। কিন্তু ২০১৬ সালে এই মামলা খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু আইন মন্ত্রক জানায়, উচ্চ আদালতে এই মামলা নিয়ে যাওয়ার মতো কারণ নেই। এক মাস পরে তদন্তের সময় বাজেয়াপ্ত হওয়া নথি ফেরতের আবেদন জানান আগরওয়াল। কিন্তু সিবিআই জানায়, যে সব নথি মামলায় ব্যবহার হয়নি, সেগুলি ফেরত দিতে তাদের কোনো আপত্তি নেই। তবে, অন্যান্য নথিপত্র ফেরত দেওয়া যাবে না। এর যুক্তি হিসাবে সিবিআই জানিয়েছিল, পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে প্রশাসনিক মন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে। ফলে ওইসব নথি প্রয়োজন হবে। কিছুদিন পর আগরওয়াল অভিযোগ করেন, সিবিআইয়ের এই বিবৃতি মিথ্যা। তাই সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হোক। নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দিলেও হাইকোর্ট আইআরএস আধিকারিকের দাবিকেই মান্যতা দিল।