জয়পুর: দ্বিতীয় নিটের আগেও প্রশ্নফাঁসের অভিযোগ। শুক্রবার রাজস্থান থেকে গ্রেপ্তার আকাশ চৌধুরী নামে এক পড়ুয়া। অভিযোগ, ‘পেপার মাফিয়া’ নামে এক টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে নিটের প্রশ্ন বিক্রি করছিলেন তিনি। যা ভুয়ো বলেই দাবি। সুরক্ষার স্বার্থে নিট পরীক্ষা অবধি ভারতে টেলিগ্রাম নিষিদ্ধ। পুলিশের দাবি, টেলিগ্রাম চালাতে আমেরিকার ভিপিএন ব্যবহার করতেন আকাশ। এভাবে বেশ কয়েকজন পড়ুয়াকে ওই ভুয়ো প্রশ্নপত্র বিক্রিও করেছেন। বদলে ৪০০০ টাকা করে নিয়েছেন। পুলিশ তাঁর মোবাইল, ল্যাপটপ, নিটের বই সহ বিভিন্ন জিনিস জব্দ করেছে। অনুমান, অন্তত ৫২ জন আকাশের ওই চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের মধ্যে কতজন পড়ুয়া ভুয়ো প্রশ্ন কিনেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।



