Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দূরপাল্লার রাতের বাসে রাজ্য থেকে শহরে ঢুকছে ভেজাল ওষুধ!

দূরপাল্লার রাতের বাসের মাথায় চেপে ভিন রাজ্য থেকে শহরে চুপচাপ ঢুকেছ ভেজাল ওষুধ।

দূরপাল্লার রাতের বাসে রাজ্য থেকে শহরে ঢুকছে ভেজাল ওষুধ!
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দূরপাল্লার রাতের বাসের মাথায় চেপে ভিন রাজ্য থেকে শহরে চুপচাপ ঢুকেছ ভেজাল ওষুধ। বাসের ড্রাইভার-খালাসিকে বাড়তি টাকার টোপ দিয়ে নির্বিঘ্নে ডেলিভারি সুনিশ্চিত করছে জাল ওষুধের কারবারিরা। কাকভোরে বাবুঘাটে ঢুকছে সেই বাস। সেখান থেকে চলে আসছে রাজ্যের পাইকারী ওষুধ ব্যবসায় ভরকেন্দ্র মেহতা বিল্ডিং-এ। সেখান থেকে ছড়িয়ে পড়ছে গোটা রাজ্যে। আবার বেশ কিছু ক্ষেত্রে জাল ওষুধ বাংলায় পাঠাতে চেনা পরিচিত ক্যুরিয়ার সংস্থারও সাহায্য নিচ্ছে কারবারিরা। আমতার ভেজাল ওষুধ কাণ্ডের তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। জাল ওষুধ কাণ্ডে ধৃতকে জেরা করে এমন একটি নামকরা ট্র্যাভেল সংস্থার নামও পেয়েছেন তাঁরা। ওই সংস্থার বাস পাটনা-কলকাতার মধ্যে চলাচল করে। পাটনা থেকে কীভাবে কলকাতায় জাল ওষুধ ঢুকেছিল, জেরার মুখে সেই বৃত্তান্ত জানিয়েছেন ধৃত বাবলু মান্না। 

Advertisement

পশ্চিমবঙ্গের মতো ওড়িশাতেও ভেজাল ওষুধ নিয়ে শুক্রবার অভিযান চলেছে। সেখানকার ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা রাজ্যকে জানিয়েছেন, সেখানেও দূরপাল্লার বাসকে মাধ্যম করে জাল ওষুধের পাচার চক্র সক্রিয়া।  কিন্তু কেন ভেজাল ওষুধ দূরপাল্লার রাতের বাসে পাঠাচ্ছে জাল ওষুধের কারবারিরা। রাজ্য ড্রাগ কন্ট্রোলের এক পদস্থ সূত্র জানিয়েছে, প্রথমত, এই পথে ওষুধ পাঠালে জিএসটি বা ই বে বিল দেওয়ার বালাই থাকছে না। দ্বিতীয়ত, পুলিস বা ড্রাগ কন্ট্রোল সাড়াশব্দ পাওয়ার আগেই চুপিসারে ওষুধ পাচার হয়ে যাচ্ছে। যেমন পাটনা থেকে কলকাতাগামী বাসে চাপিয়ে ভোরে বাবুঘাটে নামানো হয়েছিল আমতা মেলা প্রেশারের জাল ওষুধ। বাবুঘাটে রিকশ রেডি ছিল। সেখান থেকে ওষুধ চলে যায় মেহতা বিল্ডিং-এ বাবলু মান্নার দোকানে। 
ড্রাগ কন্ট্রোল কর্তারা জানিয়েছেন, বাংলায় যত টাকার ওষুধ কেনাবেচা হয়, তার অর্ধেকই হয় মেহতা বিল্ডিং, বাগড়ি বা গান্ধী মার্কেট—এই জায়গাকে কেন্দ্র করে। আবার গত ক’বছরে জাল বা নিম্নমানের ওষুধ নিয়ে যত অভিযোগ তাঁরা পেয়েছেন, তারও সিংহভাগই এসেছে এই তিন পাইকারি বাজার থেকেই। এইসব খতিয়ে দেখে চলতি সপ্তাহ থেকে তারা এই তিনটি বাজারেই লাগাতার অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে রাজ্যজুড়ে ভেজাল ওষুধ সচেতনতা বাড়াতে দোকানদারদের শীর্ষ সংগঠন বিসিডিএ আজ তাদের ২৩৪টি জোনে পথসভা করার সিদ্ধান্ত নিয়েছে। এমনটাই জানিয়েছেন সংগঠনের মুখপাত্র শঙ্খ রায়চৌধুরি।

সম্পর্কিত সংবাদ