Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে সক্রিয় জাল ওষুধ চক্র, টাস্কফোর্স গঠন প্রশাসনের

মালদহে সক্রিয় জাল ওষুধ চক্র, টাস্কফোর্স গঠন প্রশাসনের
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: জেলায় সক্রিয় জাল ওষুধ চক্র। বিশেষ নজর কালিয়াচকের দিকে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, কালিয়াচককে কেন্দ্র করে একটি জাল ওষুধ  চক্র তৈরি হয়েছে । চাঞ্চল্যকর এমন তথ্য হাতে আসতেই নড়েচড়ে বসেছে মালদহ জেলা প্রশাসন। জেলাশাসকের নির্দেশে ইতিমধ্যেই গঠন করা হয়েছে টাস্কফোর্স। তড়িঘড়ি ডাকা হয় জেলা ক্রেতা সুরক্ষা কাউন্সিলের বৈঠক। সেখানে আলোচনা করে জাল ওষুধের বিরুদ্ধে অভিযানে নামার ব্লু প্রিন্টও তৈরি করেছে প্রশাসন। জাল ওষুধের কারবার রুখতে খুব শীঘ্রই পুলিস, স্বাস্থ্যদপ্তর, ড্রাগ কন্ট্রোলকে সঙ্গে নিয়ে যৌথ অভিযানে নামতে চলেছে প্রশাসন। 

Advertisement

মালদহে জাল ওষুধের কারবার স্বীকার করে নিয়েছেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়াও। তিনি বলেন, জাল ওষুধের কারবার রুখতে ব্যাপক অভিযান চালানো হবে। এজন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। আচমকা পরিদর্শন চালানো হবে। 
মালদহে জাল ওষুধের কারবার রুখতে বৃহস্পতিবার দফায় দফায় বৈঠকে বসে জেলা প্রশাসন। প্রথম বৈঠকটি হয় জেলা ক্রেতা সুরক্ষা কাউন্সিলের। এরপর আলাদা করে ড্রাগ ইন্সপেক্টর, পুলিস এবং প্রশাসনের আধিকারিকদের নিয়ে দ্বিতীয় বৈঠকটি করেন জেলাশাসক এবং পুলিস সুপার। একটি কমিটি গঠন করে দিয়েছে রাজ্য সরকার। পরে সেই কমিটিও  আলাদা করে বৈঠকে বসে। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভেজাল ওষুধের কারবার রুখতে জয়েন্ট এনফোর্সমেন্টের উপর জোর দেওয়া হয়েছে। জেলাশাসকের নির্দেশে ইতিমধ্যেই মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পুলিস, খাদ্য সুরক্ষা আধিকারিক, ড্রাগ কন্ট্রোলারকে নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।  সম্প্রতি কালিয়াচকে একটি জাল ওষুধ চক্রের হদিস মিলেছে। জাল ওষুধ যারা বিক্রি করছে সেই সমস্ত জায়গায় টাস্কফোর্স অভিযান চালাবে। 
ইতিমধ্যেই মালদহের বেশকিছু ওষুধের দোকান ও ডিস্ট্রিবিউটর পয়েন্ট প্রশাসনের আতস কাচের নীচে এসেছে।  অভিযানে নামার আগে সেই সমস্ত জাল ওষুধ কারবারিদের একটি তলিকাও জেলা প্রশাসন তৈরি করেছে। এছাড়াও মালদহের ডায়াগনস্টিক সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র, পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ কেন্দ্রেও টাস্কফোর্স অভিযান চালাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ