নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: লোকসভা বা বিধানসভা নির্বাচন নয়। কিন্তু, সোমবার সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। কারণ, বইমেলার আগে গিল্ডের নির্বাচন! ভোটাভুটি! সভাপতি সুধাংশু শেখর দে’র বিরুদ্ধে কেউ প্রার্থী না দিলেও সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অনিল আচার্য। ভোটাভুটির পর এদিন রাতে গণনার ফলাফলও প্রকাশিত হয়। তাতে শেষ হাসি হেসেছে ত্রিদিব-সুধাংশু জুটিই। অনিলবাবুকে হারিয়ে জয়ী হয়েছেন ত্রিদিববাবু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন সুধাংশুবাবুও। বইপাড়ার অনেকেই বলছেন, পুরানোতেই আস্থা রেখেছেন ভোটাররা।
গিল্ড সূত্রে জানা গিয়েছে, গিল্ডের ৩৩ জন সদস্যের ভোটাধিকার রয়েছে। এদিন তারমধ্যে ৩১ জন উপস্থিত ছিলেন। তাঁরা প্রত্যেকে ভোট দিয়েছেন। সাধারণ সম্পাদক পদে ত্রিদিববাবু ভোটে পেয়েছেন ১৭টি। তাঁর প্রতিদ্বন্দ্বী অনিল আচার্য পেয়েছেন ১৪টি ভোট। তিন ভোটে জয়ী হয়েছেন ত্রিদিব। অন্যদিকে, গিল্ডের আরও এক কর্তা তথা কোষাধ্যক্ষ রাজু বর্মনের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন রঞ্জনকুমার সরকার। রাজুবাবু ভোট পেয়েছেন ১৫টি। অন্যদিকে, রঞ্জনবাবু ভোট পেয়েছেন ১৬টি। এক ভোটে পরাজিত হয়েছেন রাজুবাবু।
এদিন গিল্ডের অফিস কর্মকর্তা এবং এগজিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে। সেখানে সভাপতি সুধাংশুবাবু, সাধারণ সম্পাদক ত্রিদিববাবু, নতুন কোষাধ্যক্ষ হয়েছেন রঞ্জনবাবু, যুগ্ম সম্পাদক শুভঙ্কর দে এবং সহ সভাপতি হিসেবে অশোক দে এবং অশোক নারায়ণ বর্মন নির্বাচিত হয়েছেন। এগজিকিউটিভ কমিটিতে রয়েছেন ৬ জন। ত্রিদিববাবু বলেন, আমরা সব সময় গণতন্ত্রের পক্ষে। সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।



