নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি মেলেনি। সেই কারণে এবারে কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ আগস্ট ওই মামলার শুনানি হবে বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি সূত্রে খবর।
জানা গিয়েছে, চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চান অভিষেক। কিন্তু রাজ্যে একাধিক মামলায় তাঁর নাম থাকায় কলকাতা হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। গত ২০ জুলাই হাইকোর্ট নির্দেশ দেয়, বিদেশে চিকিৎসার অনুমতি বিবেচনার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার সরকারি এসএসকেএম হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে এসেছেন অভিষেক। আবেদনে তিনি বলেছেন, ‘তাঁর চোখের যে চিকিৎসা প্রয়োজন, তা ভারতে উপলব্ধ নয়। তাই প্রয়োজনীয় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিন।’