সংবাদদাতা, বোলপুর: একের পর এক হোটেলে আগুন। তারাপীঠে ও কলকাতায় অকালে প্রাণহানি হয়েছে ১৮ জনের। এই ঘটনার পর হোটেলগুলির নিরাপত্তা নিয়ে তৎপর হয়েছে প্রশাসন। কিন্তু, গোড়ায় গলদ। যারা এখব দেখবে সেই বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনে পড়ে রয়েছে মেয়াদ উত্তীর্ণ একাধিক অগ্নিনির্বাপক যন্ত্র। প্রসঙ্গত, এই ভবনেই কয়েক মাস আগে আগুন লেগেছিল।
জানা গিয়েছে, কয়েকটি যন্ত্রের মেয়াদ শেষ হয়েছে ছয় থেকে সাত বছর আগেই। নতুন অগ্নিনির্বাপক যন্ত্রও বসানো হয়নি বলে অভিযোগ। ফলে আগুন লাগলে ওই যন্ত্রগুলি কতটা কাজে আসবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
গত বুধবারই বোলপুর পুরসভার উৎসর্গ মঞ্চে হোটেল মালিকদের নিয়ে বৈঠক করে পুলিশ-প্রশাসন। সেখানে তারাপীঠ ও কলকাতার ঘটনার কথা তুলে হোটেলগুলিতে আগুন নেভানোর ব্যবস্থা ঠিক রাখার নির্দেশ দেওয়া হয়। কোথাও গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার হবে বলে জানানো হয়। এর মধ্যেই মহকুমা প্রশাসনিক ভবনের এই গাফিলতির ছবি সামনে এসেছে।
জানা গিয়েছে, গত জুন মাসে শর্টসার্কিট থেকে আগুন লাগে এই ভবনের আরটিও দপ্তরে। আগুনে পুড়ে যায় প্রায় ১২টি কম্পিউটার। ক্ষতিগ্রস্ত হয় তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। নষ্ট হয় বেশকিছু বৈদ্যুতিক সরঞ্জাম, নথি ও আসবাব। সব মিলিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়। সেই ঘটনার পরেও অগ্নি নিরাপত্তা নিয়ে কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রশাসনিক ভবনে কাজে আসা সুদীপ মুখোপাধ্যায়, বাসুদেব মণ্ডল বলেন, হোটেলে আগুন লেগে এত মানুষের মৃত্যু হয়েছে। তারপরেও সরকারি দপ্তরে মেয়াদ শেষ হওয়া যন্ত্র রাখা রয়েছে এটা মেনে নেওয়া যায় না। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।
যদিও এই নিয়ে বোলপুরের দায়িত্বপ্রাপ্ত মহকুমা শাসক নির্মিতা সাহা বলেন, অফিস, স্কুল ও কলেজে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে শীঘ্রই বৈঠক হবে। কোথাও সমস্যা থাকলে তা দ্রুত ঠিক করা হবে।