নাগোয়া: এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে ভারতের সোনা জয়ের নেপথ্যে রয়েছে অভিজ্ঞতা। এমনই মনে করছেন সঞ্জু স্যামসন। শনিবার ফাইনালে টানটান উত্তেজনার মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১৯ রানে হারায় শ্রেয়স আয়ার ব্রিগেড। সোনাজয়ী দলের কিপার সঞ্জু বলেছেন, ‘আমাদের দল রীতিমতো অভিজ্ঞ। চাপের মুখে অভিজ্ঞতাই তফাত গড়ে দেয়। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুখেও নিজেদের উপর আস্থা হারাইনি।’ প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ২১১। জবাবে হাসান নওয়াজের ব্যাটে ভর করে লড়াই চালিয়ে যায় পাকিস্তান। সঞ্জুর কথায়, ‘আমাদের কেউ প্লেটে সাজিয়ে সোনা দেয়নি। তার জন্য পরিশ্রম করতে হয়েছে। সেজন্যই এই সাফল্য এত তৃপ্তিদায়ক। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ক্রিকেটপ্রেমীরাও নিশ্চয়ই খুশি। সবাই তো উত্তেজক ম্যাচই দেখতে চান। এশিয়ান গেমসে সোনা জয়ের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত।’



