Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালকে ঘিরে মেডিক্যাল কলেজের প্রত্যাশা বাড়ছে, আশ্বাস দিচ্ছেন মন্ত্রী-বিধায়কও

হুগলির জেলা সদর চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালের মেডিক্যাল কলেজে রূপান্তরিত হওয়া নিয়ে প্রত্যাশা বাড়ছে।

চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালকে ঘিরে মেডিক্যাল কলেজের প্রত্যাশা বাড়ছে, আশ্বাস দিচ্ছেন মন্ত্রী-বিধায়কও
  • ১৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অভিজিৎ চৌধুরী, চুঁচুড়া: হুগলির জেলা সদর চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালের মেডিক্যাল কলেজে রূপান্তরিত হওয়া নিয়ে প্রত্যাশা বাড়ছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালেই ওই দাবি নিয়ে সরব হয়েছিল বিজেপি। চুঁচুড়া বিধানসভার নির্বাচনী প্রস্তাবনাতেও ওই বিষয়টি উল্ল্যেখ করে প্রচারে নেমেছিলেন বিজেপি প্রার্থী সুবীর নাগ। তিনি নিজে নির্বাচনে জিতে যাওয়ার পাশাপাশি রাজ্যেও ক্ষমতায় এসেছে বিজেপি। আর তারপরেই মেডিক্যাল কলেজ ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে উঠেছে। পাশাপাশি, রাজ্য সরকারের আরেকটি সিদ্ধান্তও ওই প্রত্যাশার পালে নতুন হাওয়া জুগিয়েছে। তৃণমূল কংগ্রেস সরকার হুগলির আরামবাগে একটি মেডিক্যাল কলেজ করেছে। তারজেরে একই জেলায় দু’টি মেডিক্যাল কলেজ হওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। সম্প্রতি রাজ্য সরকার আরামবাগকে পৃথক জেলা করার কথা ঘোষণা করেছে। ফলে, দিনগুণছে হুগলি।

Advertisement

চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালকে মেডিক্যাল কলেজ করার দাবি প্রসঙ্গে একধাপ এগিয়ে বয়ান দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। হুগলির বলাগড়ের বিধায়ক তথা মন্ত্রী সুমনা বলেন, চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালকে মেডিক্যাল কলেজ করা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। তাঁর সদিচ্ছা’র ইঙ্গিত আমি পেয়েছি। আশা করছি, হুগলিবাসী দ্রুত সুসংবাদ পাবেন। চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ বলেন, সম্প্রতি রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে আমি কথা বলেছি। একাধিক বিষয়ে কথা হয়েছে। তারমধ্যে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালকে মেডিক্যাল কলেজ করার প্রসঙ্গও ছিল। আমি খুব আশাবাদী যে, রাজ্য সরকার ওই বিষয়ে সদর্থক পদক্ষেপ করবেন। আমি নির্বাচনের প্রাক্কালে যে যে ঘোষণা করেছিলাম তার সবগুলিই রূপায়ণ করা হবে। মানুষের বিশ্বাস বিফলে যাবে না। বিষয়টি নিয়ে উৎসাহিত হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, ওই হাসপাতাল প্রয়োজন, ঐতিহ্য সবকিছুর নিরিখেই মেডিক্যাল কলেজ হওয়ার যোগ্য। জেলা বিভাজনের পরে আমাদের প্রত্যাশা আরও বেড়েছে। আমাদের সরকার স্বপ্নপূরণের সরকার। ফলে, নাগরিক স্বপ্ন পূরণ হবে। এনিয়ে কালীঘাট তৃণমূলের হুগলি জেলা সভাপতি তথা চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার বলেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতেও ইমামবাড়া হাসাপাতালকে মেডিক্যাল কলেজ করার প্রস্তাব ছিল। ফলে, নতুন সরকার যদি তা বাস্তবায়িত করে দল ও নাগরিকদের পক্ষে স্বাগত জানাব।

প্রসঙ্গত, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল হুগলির জেলা হাসপাতাল হিসেবে চিহ্নিত। সেখানে ইতিমধ্যেই বিশেষ মেডিক্যাল ইউনিট সহ একাধিক নতুন পরিষেবা বহাল করার প্রক্রিয়া চলছে। মূলত, জেলাজুড়ে নাগরিকদের স্বাস্থ্য পরিষেবার উন্নতির লক্ষ্যেই নতুন পরিষেবা বহাল করার কথা ভাবা হয়। ভোট মরশুম থেকে সেই চাহিদাকে বেশ কয়েকধাপ এগিয়ে মেডিক্যাল কলেজের দাবি জোরাল হয়। তবে কবে দাবি পূরণ হবে, সেটিই দেখার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ