মুম্বই: মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের (এমপিএসসি) পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত পড়ুয়ারা ‘সমাজবিরোধী’ নয়। নিজেদের অভিযোগ নিয়ে আন্দোলন করার অধিকার তাঁদের রয়েছে। বুধবার এমনই মন্তব্য করল বম্বে হাইকোর্ট। এদিন আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, নিয়োগের পরীক্ষাগুলি যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা যায়, তা নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ। প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠি এবং বিচারপতি অদ্বৈত সেঠনার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পরীক্ষা ব্যবস্থার প্রতি পরীক্ষার্থী ও জনগণের আস্থা পুনরুদ্ধারের জন্য সরকারকে আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে। আদালতের বক্তব্য, ‘যদি পরীক্ষার্থীরা কোনো সুযোগ না পায় এবং তাঁদের মনে এমন ধারণা জন্মায় যে কোনো কারচুপি বা অনিয়ম হয়েছে, তাহলে আন্দোলন করার অধিকার তাঁদের রয়েছে। কারণ, পরীক্ষা দেওয়ার জন্য তাঁরা ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করেছেন।



