নয়াদিল্লি: নিট সহ বিভিন্ন পরীক্ষায় বারবার অনিয়ম ধরা পড়ছে। এটা বড়োসড়ো প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ছাড়া কিছু নয়। বৃহস্পতিবার এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস। একইসঙ্গে বিক্ষোভকারী পড়ুয়াদের ‘সন্ত্রাসবাদী’ বলায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এদিন নয়াদিল্লিতে ‘ছাত্র কী গুঞ্জ’ কর্মসূচির সূচনা হয়। পরীক্ষায় অনিয়ম সহ বিভিন্ন ইস্যুতে পড়ুয়াদের মতামত জানতে এই কর্মসূচি নিয়েছে কংগ্রেস। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ। ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া আয়োজিত সাংবাদিক সম্মেলনে কেন্দ্রকে একহাত নেন কংগ্রেস সাংসদ। গৌরব বলেন, ‘ভারতের পড়ুয়াদের বিশ্বাস ভেঙে গিয়েছে। এতগুলো ভেঙে যাওয়া স্বপ্নের দায়িত্ব কে নেবে? অবিচার হয়ে থাকলে কাউকে তো দায়িত্ব নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘এটা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। এর জেরে দেশের যুব সমাজ এগতে পারছে না। দেশের অগ্রগতি থমকে যাচ্ছে।’
নিট প্রশ্নফাঁস নিয়ে উত্তাল গোটা দেশ। এরই মধ্যে এক সাক্ষাৎকারে বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসবাদীদের বি টিম’ হিসাবে দাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে। এই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে একহাত নেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘মোদি সরকার ক্ষমতার দম্ভে ডুবে গিয়েছে। ভবিষ্যত সুরক্ষিত করার আরজি জানিয়েছে পড়ুয়ারা। তাদেরকেই সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। একজনের ব্যর্থতার ফলে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। ২০ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছে। কয়েক লক্ষ পড়ুয়ার ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। অবিলম্বে দেশের যুব সমাজের কাছে ক্ষমা চেয়ে ইস্তফা দিন ধর্মেন্দ্র প্রধান।’