নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: জমি দখলমুক্তির বিজ্ঞপ্তি ঘিরে সোমবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় কালীগঞ্জের বড়চাঁদঘরে। জেলা পরিষদের জমি উদ্ধারের নোটিস নিয়ে গ্রামে গেলে বিক্ষুব্ধ একাংশ স্থানীয় বাসিন্দা আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ দেখান। খবর পেয়ে কালীগঞ্জের মীরা ফাঁড়ির পুলিস ঘটনাস্থলে গিয়ে কর্মীদের উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়চাঁদঘর গ্রাম পঞ্চায়েতের কয়েকজন সদস্য জেলা পরিষদের নির্দেশে নোটিস ধরাতে গেলে গ্রামবাসীদের একাংশ তা গ্রহণ করতে অস্বীকার করেন। জেলা পরিষদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, বড়চাঁদঘর মৌজার কিছু জমি বেআইনিভাবে দখল করে বসবাস করছেন কয়েকজন। অনুমতি ছাড়াই তৈরি হয়েছে স্থায়ী ঘরবাড়িও। ওই জমি ১৫ দিনের মধ্যে দখলমুক্ত না করলে প্রশাসন আর কোনও নোটিস ছাড়াই আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।
কালীগঞ্জের বিডিও অঞ্জন চৌধুরী জানান, আসল ঘটনা কী, তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।