নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি জমানায় বিধানসভার প্রথম অধিবেশন বসে গত ১৫ মে। তারপর বাজেট অধিবেশন, দপ্তরওয়ারি বাজেট অধিবেশন এবং বিশেষ অধিবেশন পর্ব অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বাংলায় বিজেপি ক্ষমতাসীন হওয়ার তিনমাস পরেও ডেপুটি স্পিকার পদটি শূন্য! বিধানসভার পূর্বতন ইতিহাস বলছে, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রায় একই সময়ে হয়ে থাকে। কিন্তু এবারই ঘটল ব্যতিক্রম। বিজেপির রথীন্দ্র বসুকে স্পিকার নির্বাচিত করা হলেও ডেপুটি স্পিকার পদটি এখনো খালি। ডেপুটি স্পিকার নির্বাচন কবে? বিধানসভার অন্দরে ঘুরছে প্রশ্নটি।
ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য বিধানসভায় অধিবেশন ডাকতে হবে। সেখানে শাসক ও বিরোধী উভয়ের তরফে মনোনয়ন জমা পড়বে। দু-পক্ষ একমত হলে অবশ্য ভোটাভুটি এড়ানো যাবে, নতুবা ভোটাভুটি অনিবার্য। ডেপুটি স্পিকার নির্বাচনের এটাই প্রথা। প্রসঙ্গত, বিধানসভায় ৪১টি কমিটি রয়েছে। একটি বাদে বাকি ৪০টির চেয়ারম্যানদের নাম ঘোষণা করেছে সচিবালয়। গঠিত কমিটির চেয়ারম্যান ও সদস্যরা কাজও শুরু করে দিয়েছেন। গ্রন্থাগার কমিটির চেয়ারম্যান পদটি ডেপুটি স্পিকারের জন্য খালি রাখা হয়েছে। কিন্তু ডেপুটি স্পিকার না-থাকায় ওই কমিটি কাজ শুরু করতে পারছে না।
তাই ডেপুটি স্পিকার পদটি শীঘ্রই পূরণ হতে চলেছে বলে বিধানসভার অন্দরে চর্চা চলছে। বিজেপি সদস্য বিমান ঘোষকে ডেপুটি স্পিকার করা হতে পারে বলেই জল্পনা। বিমানবাবু এখন বিধানসভার স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চোয়রম্যান। এরপর তিনি ডেপুটি স্পিকার হলে নিয়মমতো এই পদটি তাঁকে ছাড়তে হবে। তবে বিমানবাবুর দাবি, ‘আমাকে ডেপুটি স্পিকার করা হবে, এমন কোনো বার্তা আমার কাছে আসেনি।’