Bartaman Logo
৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জিতলেও সতীর্থদের ভুল দ্রুত শুধরে নেওয়ার বার্তা মেসির

মেসি সতীর্থদের ভুল দ্রুত শুধরে নেওয়ার বার্তা দিলেন। কেপ ভার্দের বিরুদ্ধে জয় সত্ত্বেও সতর্কবার্তা। বিস্তারিত পড়ুন।

জিতলেও সতীর্থদের ভুল দ্রুত শুধরে নেওয়ার বার্তা মেসির
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মায়ামি: ম্যাচের শেষ বাঁশি বাজতেই মাটিতে লুটিয়ে পড়েন কেপ ভার্দে ফুটবলাররা। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে নক-আউটে পৌঁছায় আফ্রিকার দলটি। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইয়ের পরও শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হল তাঁদের। তবে কয়েক মিনিটের মধ্যেই দেখা মিলল অন্য চিত্র। কেপ ভার্দের ফুটবলাররা একে একে এগিয়ে গেলেন মেসির দিকে। আবদার রাখলেন ছবি তোলার। কেউ আবার চাইলেন জার্সি। আসলে বিশ্বকাপে বিদায় দিনেও সেরা ফুটবলারের বিরুদ্ধে খেলতে পেরে অনেক বেশি গর্বিত তাঁরা। মেসিও হাসি মুখে তাঁদের কথা রাখলেন। এরমধ্যে অবশ্য ভোজিনহার সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা গেল তাঁকে। ম্যাচে শেষ বিপক্ষ দুর্গপ্রহরীকে প্রশংসা ভরালেন বাঁ পায়ের জাদুকর। সেই সঙ্গে সতীর্থদের জন্য ছিল লিওর সতর্কবার্তা।

Advertisement

বিশ্বকাপের ইতিহাসে টানা আট ম্যাচে গোলের নজির গড়লেন মেসি। সেই সঙ্গে চলতি আসরে সর্বাধিক গোলের নিরিখে ফের পিছনে ফেললেন কিলিয়ান এমবাপেকে। বর্তমানে লিওর ঝুলিতে সাতটি লক্ষ্যভেদ। তবে ব্যক্তিগত নজিরের থেকেও দলের জয়কে গুরুত্ব দিলেন তিনি। ম্যাচ শেষে মেসি বলেন, ‘এই জয় আমাদের অনেক কিছু শেখাল। অবশ্যই ভালো দিকগুলি আত্মবিশ্বাস বাড়াবে। তবে ভুল শুধরে নিতে হবে। আজকের ম্যাচে সেই সংখ্যাটাই বেশি ছিল। বিশেষত প্রথম গোলের পর আমরা মোটেই ভালো খেলতে পারিনি।’ এরপরই বিপক্ষকে প্রশংসায় ভরালেন লিও। বললেন, ‘কেপ ভার্দে দারুণ খেলেছে। বিশেষত ওদের গোলরক্ষকের কথা বলতেই হবে। ম্যাচ শেষে অনেকেই আমার সঙ্গে ছবি তুলতে চাইল। জার্সিও চেয়েছে। তবে তারাই মাঠে আমাদের নাভিশ্বাস তুলে দিয়েছিল।’
কেপ ভার্দে ম্যাচের আগে বিশ্বকাপে ফিফার পক্ষ থেকে বাড়তি সুবিধা পাওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন আর্জেন্তিনা কোচ লায়োনেল স্কালোনি। এদিন ম্যাচ শেষে সেই সকল নিন্দুকদের একহাত নিলেন মেসিদের হেড স্যার। তিনি বলেন, ‘অনেকেই অনেক কথা বলেছিল। আমাদের নাকি বিশ্বকাপের পথ মসৃণ। আশা করি, আজকের ম্যাচের পর এই নিয়ে কথা বন্ধ হবে। এখানে কোনো দলই সহজ নয়।’
শনিবার আর্জেন্তিনার জয়ের অন্যতম কারিগর দলের ডিফেন্ডার লিসান্ড্রো মার্তিনেজ। ম্যাচে গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। অথচ বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগে কঠিন অনিশ্চয়তার মধ্যে কেটেছিল তাঁর জীবন। এসিএল চোটের কারণে ফুটবলকে বিদায়েরও ভাবনাচিন্তা করেছিলেন তিনি। তবে এই সময় কন্যা সন্তানের জন্মের পরই বদলে যায় সবকিছু। এই প্রসঙ্গে লিসান্ড্রো বলেন, ‘এটা সত্যি, আমি ভেবেছিলাম আর ফুটবল খেলব না। চোট-আঘাতে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। তবে মেয়ের জন্মের সময় দেখেছিলাম, আমার স্ত্রী কতটা কষ্টের মধ্যে দিন কাটিয়েছে। সেখান থেকে আমি এভাবে পালিয়ে যেতে চাইনি। তাই ফের নতুন করে সব শুরু করি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ