Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন অবরোধকে ফাঁকি, পূর্ব এশিয়ায় পৌঁছে গেল ইরানের জ্বালানিবাহী জাহাজ

ইরানের কোনো জাহাজকে বন্দর ছেড়ে যেতে দেওয়া হবে না। সমুদ্র পথে অবরোধ জারি করে একথা জানিয়েছিল আমেরিকা।

মার্কিন অবরোধকে ফাঁকি, পূর্ব এশিয়ায়  পৌঁছে গেল ইরানের জ্বালানিবাহী জাহাজ
  • ৬ মে, ২০২৬ ১৩:০৫
Prefer us on Google

তেহরান: ইরানের কোনো জাহাজকে বন্দর ছেড়ে যেতে দেওয়া হবে না। সমুদ্র পথে অবরোধ জারি করে একথা জানিয়েছিল আমেরিকা। এবার সেই অবরোধকে ফাঁকি দিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছে গেল তেহরানের সুবিশাল তেলবাহী জাহাজ। এমনই তথ্য দিয়েছে নজরদারি সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার্স ডট কম। জানা গিয়েছে, ‘হিউজ’ নামে ওই জাহাজে রয়েছে ১৯ লক্ষ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল। দাম প্রায় ২২ কোটি মার্কিন ডলার।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, সুপার ট্যাঙ্কারটি (ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার) ইরানের জাতীয় ট্যাঙ্কার কোম্পানির (এনআইটিসি)। সোশ্যাল মিডিয়া পোস্টে নজরদারি সংস্থাটি জানিয়েছে, মার্চ মাসে মালাক্কা প্রণালী থেকে ইরানের উদ্দেশে রওনা দেয় হিউজ। তবে ২০ মার্চ থেকে জাহাজটির স্বয়ংক্রিয় আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ ছিল। এভাবেই পেন্টাগনকে ধোঁকা দিয়েছে হিউজ। ১৩ এপ্রিল হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলির সামনে অবরোধ শুরু আমেরিকা। জানা গিয়েছে, সেই সময় সেখানেই ছিল হিউজ। তারপর ধীরে ধীরে মার্কিন নজরদারি এড়িয়ে পূর্ব এশিয়ার দিকে রওনা দেয় সেটি। ২৯ এপ্রিল ইরানের জাতীয় সংবাদসংস্থা জানিয়েছিল, প্রায় ৫২টি জাহাজ ওয়াশিংটনকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। সেই তালিকায় ছিল হিউজ। প্রায় এক সপ্তাহ আগে শ্রীলঙ্কার উপকূলের কাছে জাহাজটিকে দেখা গিয়েছিল। বর্তমানে সেটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী অতিক্রম করছে। গন্তব্য রিয়াও দ্বীপপুঞ্জ। 
মার্কিন আধিকারিকদের অবশ্য দাবি, অবরোধের জেরে ইরানের একাধিক পণ্য ও তেলবাহী জাহাজ আটকে রয়েছে। এর ফলে ধাক্কা খাচ্ছে তেহরানের অর্থনীতি। শনিবার এক্স হ্যান্ডলে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, বর্তমানে আরব সাগরে টহল দিচ্ছে ইউএসএস নিউ অর্লিয়েন্স। এর জেরে গত ২০ দিনে ৪৮টি জাহাজ ফিরে গিয়েছে। এহেন পরিস্থিতিতে হিউজের কীর্তিকে তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছে ওয়াকিবহাল মহল।

Advertisement
সম্পর্কিত সংবাদ