পরামর্শে বিধান শিশু উদ্যানের যোগচর্চা প্রশিক্ষক সুম্পা দাস।
পরামর্শে বিধান শিশু উদ্যানের যোগচর্চা প্রশিক্ষক সুম্পা দাস।
মেয়েদের জীবনে বয়ঃসন্ধি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপর আসে যৌবন ও বার্ধক্য। কিশোরী বয়স থেকেই কিছু প্রাণায়াম ও ব্যায়াম রুটিনে প্রবেশ করাতে পারলে সারাজীবন শারীরিকভাবে মজবুত থাকা সম্ভব।
কী কী ব্যায়ামে বাজিমাত
ভদ্রাসন : প্রথমে দুই পা সোজা করে বসুন। তারপর পায়ের পাতা দু’টি জড়ো করুন। পিঠ, গলা, মাথা থাকবে টান টান। পা সামনের দিকে প্রসারিত করুন। শ্বাস স্বাভাবিক রাখুন। দু’টি পায়ের পাতা প্রণামের ভঙ্গিতে থাকুক। নিতম্ব ও ঊরু মাটি স্পর্শ করুক। এবার দুই হাতের তালু হাঁটুর উপর রেখে মাটিতে চাপ দিন। প্রতিদিন এই আসন ৫-১০ বার করুন।
কেন করব?
এই আসনে তলপেট ও কোমরের পেশি মজবুত হয়। অনিয়মিত মেনস্ট্রুয়েশনের সমস্যা কমে, ওভারি ও ইউটেরাস ভালো থাকে।
পবনমুক্তাসন : টানটান হয়ে শুয়ে পড়ুন। পা দুটি সোজা রাখুন এবং হাত দুটি শরীরের দুপাশে মাটির উপর সোজা করে থাকবে। এবার শ্বাস নিতে নিতে ডান পা হাঁটুর কাছে ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসুন। এবার দুই হাতের আঙুল দিয়ে হাঁটুকে লক করে দিন বা আটকে দিন। এবার শ্বাস ছাড়তে ছাড়তে পা ফের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যান। এভাবে দুই পায়ে ব্যায়ামটি অভ্যাস করুন।
কেন করব?
এই আসনে পেটের চর্বি কমে, লিভার ভালো থাকে। গ্যাস অম্বলের সমস্যাও দূর হয়।
উত্থানপদাসন: চিত হয়ে শুয়ে হাত দুটো দেহের দুই পাশে ছড়িয়ে দিন। এবার শ্বাস নিতে নিতে দুটি পা একত্রে মাটি থেকে এক বা দেড় ফুট বা ৪৫ ডিগ্রি কোণ করে তুলুন। এবার মনে মনে ৬ অবধি গুনুন ও ধীরে ধীরে পা আগের অবস্থায় ফিরিয়ে নিন। ৪-৫ বারে একটি সেট হয়।
কেন করব?
মেয়েদের বিশেষ করে সন্তান জন্ম দেওয়ার পর মেয়েদের পেটে যে অবাঞ্ছিত চর্বি জমে, তা কমানোর পাশাপাশি মেরুদণ্ডের ব্যথা দূর করতে এই আসন খুব উপযোগী।
ভুজঙ্গাসন: উপুড় হয়ে ম্যাটের উপর শুয়ে পড়ুন। পা সোজা করে রাখুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাক। এবার দুই হাতের কনুই ভাঁজ করে তালু কাঁধের পাশে মাটিতে রাখুন, কনুই থাকবে শরীর ছুঁয়ে। এবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে মাথা ও বুক উপরের দিকে তুলুন। হাতে ভর দিয়ে পেট ও শরীরের নীচের অংশে ভর দিয়ে মাথা ও বুক উপরের দিকে তোলার। নাভি মাটি থেকে সামান্য কিছুটা উপরে তুলতে পারে। শ্বাস নিতে নিতে শ্রোণীদেশ ও পায়ের পাতা যেন মাটি স্পর্শ করে থাকে। এই অবস্থায় শ্বাস ধরে রেখে ১০ সেকেন্ড থাকুন। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে আনুন। ৪-৫ বার অভ্যাস করুন।
কেন করব?
এই ব্যায়ামে মেয়েদের পিঠ ও কোমরের বাতের ব্যথা দূর হয়। এমনকী বয়সকালের শরীরের নানা ব্যথাও দূর হয়। ভুজঙ্গাসনে হজমশক্তিও বাড়ে।
লিখেছেন
মনীষা মুখোপাধ্যায়