Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়জোড়ায় চালু ইএসআইয়ের আউটডোর চিকিৎসা পরিষেবা

বড়জোড়ায় সরকারি উদ্যোগে শুরু হল ইএসআই আউটডোর পরিষেবা। শুক্রবার বড়জোড়া ব্লকের হাটআশুরিয়া মোড়ে একটি স্পিনিংল মিল চত্বরে ওই ডিসপেন্সারির সূচনা করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক।

বড়জোড়ায় চালু ইএসআইয়ের আউটডোর চিকিৎসা পরিষেবা
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বড়জোড়ায় সরকারি উদ্যোগে শুরু হল ইএসআই আউটডোর পরিষেবা। শুক্রবার বড়জোড়া ব্লকের হাটআশুরিয়া মোড়ে একটি স্পিনিংল মিল চত্বরে ওই ডিসপেন্সারির সূচনা করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। উদ্বোধনী অনুষ্ঠানে বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মলয়বাবু বলেন, আপাতত একটি ডিসপেন্সারি চালু হল। আগামী দিনে আমরা বড়জোড়া শিল্পাঞ্চলে ইএসআই হাসপাতাল গড়ে তুলব। তিনি আরও বলেন, শিল্পাঞ্চলে আগাম ঘোষণা না করে কারখানা লকআউট করার প্রবণতা বাড়ছে। তবে ছ’ মাস বা এক বছর ধরে কারখানা বন্ধ থাকলে রাজ্য সরকার শ্রমিকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে। তারজন্য নির্দিষ্ট প্রকল্প রয়েছে। ভুক্তভোগী শ্রমিকদের আবেদন করার জন্য বলা হচ্ছে।  

Advertisement

উল্লেখ্য, বড়জোড়ায় গত ১৬ বছর ধরে পিপিপি মডেলে একটি ইএসআই ডিসপেন্সারি চালু রয়েছে। বড়জোড়া কলেজ রোডের ওই ডিসপেন্সারিতে প্রতিদিন গড়ে ৫০-৬০ জন করে রোগী চিকিৎসা করান। ফলে বড়জোড়া-মেজিয়া শিল্পাঞ্চলের জন্য ১০০ বেডের একটি ইএসআই হাসপাতাল চালুর জন্য স্থানীয় বিধায়ক সম্প্রতি মুখ্যমন্ত্রী ও শ্রমমন্ত্রীকে চিঠি দেন। নির্বাচনের আগে হাসপাতালের ব্যাপারে শ্রমমন্ত্রী ঘোষণা করবেন বলে মনে করা হয়েছিল। কিন্তু তিনি ফের বড়জোড়াতেই একটি আউটডোর পরিষেবা যুক্ত ইউনিট চালু করায় শ্রমিক মহল আশাহত হয়েছে। বড়জোড়া-মেজিয়া শিল্পাঞ্চলে প্রায় ১৫০০০ ইএসআইভুক্ত শ্রমিক রয়েছেন। ১০ হাজার শ্রমিক থাকলেই হাসপাতাল গড়ে তোলা যায়। ফলে বাঁকুড়ার ওই শিল্পাঞ্চলে ১০০ বা তার কম বেড সংখ্যা যুক্ত ইনডোর পরিষেবা সহ একটি উন্নতমানের ইএসআই হাসপাতাল গড়ে তোলাই যায়। কারণ কারখানায় হামেশাই দুর্ঘটনায় শ্রমিকরা জখম হন। সেক্ষেত্রে তাঁদের ইএসআই সুবিধাযুক্ত হাসপাতালে ভর্তি হওয়ার জন্য দুর্গাপুর বা আসানসোলে যেতে হয়।  শ্রমিকদের মধ্যে বিপুল রানা, নয়ন মণ্ডল বলেন, দ্রুত ১০০ বেডের ইএসআই হাসপাতাল গড়ে তোলা প্রয়োজন। তা হলে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের চাপ কমবে। শ্রমিকরাও ভালো পরিষেবা পাবেন।  অলোকবাবু বলেন, বড়জোড়াবাসী গত বিধানসভা নির্বাচনে আমাদের দলকে সমর্থন করেছিল। গত পাঁচ বছরে আমরা বড়জোড়ায় বহু উন্নয়নমূলক কাজ করেছি। দীর্ঘদিন পর দামোদর নদের উপর ব্যারাজের সেতুর আমূল সংস্কার হয়েছে। এবারও আমাদের আশীর্বাদ করলে বড়জোড়ায় ১০০ বেডের ইএসআই হাসপাতাল ও বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে উড়ালপুল তৈরির জন্য আপ্রাণ চেষ্টা করব।

Advertisement
সম্পর্কিত সংবাদ