Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

বকেয়া ডিএ’র হিসাবে ভুল, আরও টাকা পাচ্ছেন অনেক পেনশনভোগী!

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্তদের অনেকে সম্প্রতি পেনশন অ্যাকাউন্টে হঠাৎ অতিরিক্ত কয়েক হাজার টাকা পাওয়ার বার্তা পেয়েছেন।

বকেয়া ডিএ’র হিসাবে ভুল, আরও টাকা পাচ্ছেন অনেক পেনশনভোগী!
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্তদের অনেকে সম্প্রতি পেনশন অ্যাকাউন্টে  হঠাৎ অতিরিক্ত কয়েক হাজার টাকা পাওয়ার বার্তা পেয়েছেন।  এই পেনশন প্রাপকদের অনেকেই পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ-র পুরোটাই দুটি কিস্তিতে পেয়ে গিয়েছেন। তারপরে আবার অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসার জন্য তাঁরা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। কারণ মাসের পেনশনের নির্ধারিত সময়ের অনেক আগেই এই টাকা দেওয়া হচ্ছে। ট্রেজারি থেকে  মোবাইলে আসা মেসেজে কী কারণে টাকা দেওয়া হচ্ছে সেটা উল্লেখ করা হয়নি।

Advertisement

ডিএ মামলার মূল আবেদনকারী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা অর্থদপ্তরে খোঁজ খবর নিয়ে জেনেছেন বকেয়া ডিএ-র প্রাপ্য হিসাবেই এই টাকা দেওয়া হয়েছে। আগে যে বকেয়া হিসাব অর্থদপ্তর করেছিল তাতে কিছু ভুল ছিল। ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে সময়ে যাঁরা পেনশন প্রাপক ছিলেন তাঁদের ক্ষেত্রে এই ভুল হয়েছে। কিছু সময়ে ডিএ-র হিসাব নেগেটিভ ধরা হয়েছিল আগে। ওই সময়ের যেসব পেনশন প্রাপক মারা গিয়েছেন, তাঁর ফ্যামিলি পেনশন প্রাপকের অ্যাকাউন্টে টাকা আসছে। মলয়বাবুর বক্তব্য, বকেয়া ডিএ-র হিসাব কষতে যে ভুল করা হয়েছে সেটা তাঁরা রাজ্য সরকার ও আদালতের কাছে অনেকদিন ধরে বলছেন। সেটা যে ঠিক তা এখন আরও বোঝা যাচ্ছে। এদিকে কলকাতা পুরসভা এলাকার সরকারি দপ্তরের অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের বকেয়া ডিএ-র অর্ধেক দেওয়ার কাজ চলছে। ব্যাংক ও অর্থদপ্তরের মধ্যে টাকার অঙ্কের হিসাবের জটিলতার জন্য তাঁদের প্রাপ্য বেশ কয়েকমাস ধরে আটকে ছিল।
ডিএ মামলার পরবর্তী শুনানি ২৭ অক্টোবর। তার আগে মালহোত্রা কমিটি সব পক্ষের সঙ্গে বৈঠক করে সুপ্রিম কোর্টকে একটি রিপোর্ট দেবে। মামলাকারীদের প্রতিনিধি হিসাবে কমিটির সঙ্গে বৈঠকে কারা থাকবেন, তা সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ