নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোয় শহরজুড়ে বিশেষ সাফাই অভিযানে নামছে কলকাতা পুরসভা। কিন্তু, পুরসভার ফেসবুক পেজে সেই সংক্রান্ত পোস্টে বিতর্ক তৈরি হয়। এই কর্মসূচি নিয়ে বাংলায় লেখা সেই পোস্টে ভুল বাক্য গঠন নিয়ে প্রশ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। সেই বিতর্কের মুখে পড়ে অবশ্য ২৪ ঘণ্টা পর ভুল শুধরে নেয় পুর কর্তৃপক্ষ। নতুন করে পরিচ্ছন্নতা কর্মসূচি সংক্রান্ত পোস্টার দেওয়া হয় পুরসভার ফেসবুকে। উল্লেখ্য, শনিবার পুরসভার ফেসবুকে একটি পোস্টে লেখা হয়, ‘মায়ের করবো স্বচ্ছতা সে স্বাগত’। এই ধরনের বাংলা অতীতে কেউ শুনেছেন বলে মনে হয় না। এ নিয়ে বিতর্কের ঝড় ওঠে। রবিবার দুপুরের দিকে সেই পোস্ট ডিলিট করে নতুন করে শুদ্ধ, সঠিক বাক্য সম্বলিত পোস্টার পোস্ট করে পুরসভা। নতুন পোস্টে লেখা হয়, ‘স্বচ্ছতার সঙ্গে মাকে স্বাগত জানাই’। কখনও মা দুর্গার বিকৃত ছবি, কখনও হিন্দি ভাষাকে বাংলার আদলে লিখে এমন বাক্য হচ্ছে, যা ভাষাকেই বিপদে ফেলছে।



