নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরস্বতী পুজোর সন্ধ্যায় জামশেদপুর এফসি বনাম গোয়া ম্যাচের দিকে সাগ্রহে তাকিয়ে ছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। রবিবার খালিদ ব্রিগেড ৩-১ গোলে জিততেই শুরু আগাম উৎসব। জামশেদপুরের হয়ে জোড়া গোল সিভেরিওর। এছাড়া স্কোরশিটে নাম তোলেন সিকোভিচ। গোয়ার একমাত্র গোলদাতা আয়ূষ ছেত্রী। ১৯ ম্যাচে মোহন বাগানের পয়েন্ট ৪৩। অন্যদিকে, দ্বিতীয় স্থানে জামশেদপুর। একটি ম্যাচ কম খেলে ন’পয়েন্টে পিছিয়ে ইস্পাতনগরীর ফ্র্যাঞ্চাইজি দল। অর্থাৎ আইএসএলের লিগ শিল্ড মোহন বাগানের হাতের মুঠোয়।
Advertisement
আগামী বুধবার যুবভারতীতে মোলিনা ব্রিগেডের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। ওই ম্যাচ জিতলে টানা দ্বিতীয়বারের জন্য ট্রফি প্রায় ইডেনের সামনে এনে ফেলবেন কামিংসরা। তবে স্প্যানিশ কোচ বরাবরের মতো সাবধানী। রক্ষণ নিয়ে কিছুটা চিন্তিত তিনি। কার্ড সমস্যায় পাঞ্জাবের বিরুদ্ধে নেই টম আলড্রেড। অপর স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তোও পুরো ফিট নন। মিনি ডার্বিতে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয় তাঁকে। সোমবার অনুশীলনে নামার কথা আলবার্তোর। কন্ডিশন দেখার পর পরিস্থিতি বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হোসে মোলিনা। পাশাপাশি আপুইয়াও নেই। অনিশ্চিত অনিরুদ্ধ থাপা। ফলে মাঝমাঠ নিয়েও অশনি সংকেত রয়েছে। তবে তাড়াহুড়ো করে পা ফেলতে চান না মোহন বাগানের স্প্যানিশ কোচ। রিজার্ভ বেঞ্চের গভীরতা তাঁর সম্পদ। অভিষেক, গ্লেন, টাংরিরা সেরাটা উজাড় করে দিতে তৈরি। তাদের প্রস্তুত রাখা হচ্ছে।



