Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এফএ কাপে কষ্টার্জিত জয় ম্যান সিটি, ইউনাইটেডের

এফএ কাপে কষ্টার্জিত জয় ম্যান সিটি, ইউনাইটেডের
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লন্ডন: জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি। তৃতীয় সারির দল লেটন ওরিয়েন্ট এফসি’কে ২-১ গোলে হারাল তারা। শনিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডের লড়াইয়ে প্রতিপক্ষের ডেরায় দল জিতলেও ছেলেদের খেলায় সন্তুষ্ট হতে পারেননি কোচ পেপ গুয়ার্দিওলা। বিশেষত ধারে-ভারে কয়েক যোজন পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে যেভাবে গোল হজম করে সিটি ডিফেন্স, তা অবশ্যই আগামী দিনে চিন্তা বাড়াবে কোচের। অপর ম্যাচে শেষলগ্নের বিতর্কিত গোলে লেস্টার সিটিকে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
Advertisement
শনিবার ম্যাচের ১৬ মিনিটে গতির বিপরীতে লিড নেয় লেটন ওরিয়েন্ট। প্রায় মাঝমাঠ থেকে নেওয়া জেইমি ডোনলির শট ক্রসবারে লাগলেও, ফিরতি বল সিটি গোলরক্ষক ওর্তেগার গায়ে লেগে জালে জড়ায় (১-০)। পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ শানায় ম্যান সিটি। তবে বড়লোকের বাউন্ডুলে ছেলের মতো সুযোগ নষ্ট করেন ওমার, ম্যাতেরিরা। কিছুটা বাধ্য হয়েই বের্নার্ডো সিলভা ও জন স্টোন্সকে মাঠে নামান পেপ। ৫৬ মিনিটে বক্সের বাইরে থেকে রিকো লুইসের শট পরিবর্ত হিসেবে মাঠে নামা খুসানভের গায়ে লেগে বল জালে জড়ায় (১-১)। এরপর ফোডেন ও ডি ব্রুইনকে এনে আক্রমণে চাপ বাড়ান পেপ। অবশেষে ৭৯ মিনিটে গ্রিলিশের পাস থেকে দুরন্ত গোলে দলের জয় নিশ্চিত করেন বেলজিয়ামের তারকা মিডিও ডি ব্রুইন (২-১)।
এফএ কাপের পঞ্চম রাউন্ডে পৌঁছল ম্যাঞ্চেস্টারের অপর ক্লাব ইউনাইটেড। ঘরের মাঠে তারা ২-১ গোলে হারাল লেস্টার সিটিকে। ম্যাচে লাল ম্যাঞ্চেস্টারের দুই গোলদাতা জোশুয়া জির্কজি ও হ্যারি ম্যাগুইরে। লেস্টারের একমাত্র গোলটি ববি ডে কোরডোভা-রেইডের। উল্লেখ্য, ম্যাচের সংযোজিত সময়ে হ্যারি ম্যাগুয়েরের গোল নিয়ে রয়েছে বিতর্ক। লেস্টার কোচ রুড ফন নিসলরয় জানান, ‘ম্যাগুইরে প্রায় হাফ মিটার অফ সাইড পজিশনে থাকা সত্ত্বেও রেফারি গোলের বাঁশি বাজান। এটা কখনওই মেনে নেওয়া যায় না। ম্যাচ অতিরিক্ত সময়ে কিংবা টাই-ব্রেকারে গড়ালে অন্য ফল হতেই পারত।’
লেটন ওরিয়েন্ট- ১ :     ম্যান সিটি- ২
ম্যান ইউ- ২           :  লেস্টার সিটি- ১
Advertisement
সম্পর্কিত সংবাদ