লন্ডন: গ্রীষ্মকালীন ফিফা ট্রান্সফার উইন্ডোর শেষবেলার ঝড় তুলল ম্যাঞ্চেস্টার সিটি। চলতি মরশুমেই এতিহাদের ক্লাবটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন বিশ্বকাপ জয়ী স্প্যানিশ মিডিও রড্রি। তাঁর বদলি হিসাবে আর এক বিশ্বকাপারকে তুলে নিল নীল ম্যাঞ্চেস্টার। ইংলিশ ফুটবলে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’তে চেলসি থেকে আর্জেন্তাইন মিডিও এনজো ফার্নান্ডেজকে সই করাল সিটিজেনরা। বুধবারই আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করে ম্যাঞ্চেস্টারের ক্লাবটি। সবকিছু ঠিক থাকলে শনিবার কভেন্ট্রি সিটির বিরুদ্ধে ঘরের মাঠে নীল জার্সিতে অভিষেক হতে পারে ২৫ বছর বয়সি এই তারকা মিডিওর।
গত কয়েক বছর ইপিএলে চেলসির হয়ে ধারাবহিকভাবে পারফর্ম করছিলেন এনজো। দ্য ব্লুজের হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা কনফারেন্স লিগ জেতেন তিনি। তবে গত মরশুম শেষ হতেই তাঁকে পেতে ঝাঁপায় ইউরোপের সেরা ক্লাবগুলি। সেই তালিকায় সবার আগে নাম ছিল রিয়াল মাদ্রিদের। তবে চেলসির আকাশছোঁয়া ট্রান্সফার ফি শুনে পিছিয়ে আসে স্প্যানিশ ক্লাবটি। এরই মধ্যে রড্রি দল ছাড়ায় তাঁরই সমতুল্য একজন ভালো ডিফেন্সিভ মিডফিল্ডারের খোঁজে ছিল ম্যান সিটি। এনজোকে পেতে শুরু হয় দর কষাকষি। মরশুম শুরু হলেও আর্জেন্তাইন মিডিওর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বজায় থাকে। লিগের প্রথম ম্যাচে চেলসির হয়ে পরিবর্ত হিসাবে মাঠে নামেন তিনি। তবে পরের দু’টি ম্যাচে আর স্কোয়াডে তাঁর নাম দেখা যায়নি। তাতেই ম্যান সিটিতে যোগ দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে যায়। অবশেষে বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করে এতিহাদের ক্লাবটি। উল্লেখ্য, এর আগে প্রিমিয়ার লিগে গত মরশুমে একই ট্রান্সফার ফি’তে নিউকাসল থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন আলেকজান্ডার ইসাক।