Bartaman Logo
১৫ জুন, ২০২৬

‘উন্নয়নের মোড়কে পরিবেশ ধ্বংস’, গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে কেন্দ্রকে তোপ রাহুলের

গ্রেট নিকোবর দ্বীপে উন্নয়ন প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ৮১ হাজার কোটির এই প্রকল্পকে ‘দেশের পরিবেশ ও আদিবাসী ঐতিহ্যের বিরুদ্ধে সবথেকে বড়ো প্রতারণা ও অপরাধ’ আখ্যা দিয়েছেন তিনি।

‘উন্নয়নের মোড়কে পরিবেশ ধ্বংস’, গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে কেন্দ্রকে তোপ রাহুলের
  • ৩০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গ্রেট নিকোবর দ্বীপে উন্নয়ন প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ৮১ হাজার কোটির এই প্রকল্পকে ‘দেশের পরিবেশ ও আদিবাসী ঐতিহ্যের বিরুদ্ধে সবথেকে বড়ো প্রতারণা ও অপরাধ’ আখ্যা দিয়েছেন তিনি। 

Advertisement

গ্রেট নিকোবর দ্বীপ সফরে গিয়ে বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্টে কড়া কড়া ভাষায় কেন্দ্রের বেপরোয়া মনোভাবের নিন্দা করেছেন সোনিয়া-পুত্র। তিনি বলেছেন, ‘গ্রেট নিকোবর দ্বীপ আমার জীবনে দেখা সবথেকে সুন্দর বনভূমি। কয়েক প্রজন্ম ধরে এই জঙ্গলে গাছ বেড়ে উঠেছে। আদিবাসী সম্প্রদায় হোক বা স্থানীয় বসবাসকারী- এই দ্বীপের মানুষ অত্যন্ত সুন্দর। কিন্তু তাঁদের প্রাপ্য অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে।’ দ্বীপ পরিদর্শন শেষে প্রস্তাবিত প্রকল্প নিয়ে মোদি সরকারকে একহাত নেন তিনি। কংগ্রেস নেতার তোপ, ‘সরকার দাবি করছে, এটা প্রকল্প। তবে সবকিছু দেখার পর আমার সেটা মনে হচ্ছে না। আসলে লক্ষ লক্ষ গাছ কাটার পরিকল্পনা করা হয়েছে। ১৬০ বর্গ কিমি বৃষ্টি অরণ্য ধ্বংসের মুখে। এখানে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাড়িঘর কেড়ে নেওয়া হচ্ছে। তাঁদের মতামতকে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না। এটা উন্নয়ন নয়। উন্নয়নের মোড়কে ধ্বংস।’ প্রকল্প বন্ধের দাবি জানিয়ে রাহুল বলেন, ‘গ্রেট নিকোবরে যা হচ্ছে তা আমাদের সময়ের অন্যতম বড়ো কেলেঙ্কারি। দেশের প্রাকৃতিক ও আদিবাসী ঐতিহ্যের বিরুদ্ধে গুরুতর অপরাধ। এটি বন্ধ হওয়া উচিত।’ প্রসঙ্গত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্তে লজিস্টিক্স হাব তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যে এই কাজের অনুমতি দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। কেন্দ্রের এই প্রকল্পের বিরোধিতায় সরব হয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। অঞ্চলের জীববৈচিত্র ও উপজাতিদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আরজি জানান তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ