নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দীর্ঘদিনের দাবি মেনে অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিল কামারহাটি পুরসভা। শুক্রবার নতুন চেয়ারম্যানের নেতৃত্বে প্রথম পুরবোর্ড মিটিংয়ে অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি ৫০ টাকা বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়েছে। পুর কর্তৃপক্ষের দাবি, আয়-ব্যয়ের মধ্যে প্রায় দু’কোটি টাকার ঘাটতি থাকলেও কর্মীদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কামারহাটি পুরসভার ৩৫টি ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা রক্ষণাবেক্ষণ ও কঠিন বর্জ্য পরিষ্কারের কাজে প্রায় ১,১৮০ জন অস্থায়ী কর্মী নিযুক্ত রয়েছেন। ২০১৪ সাল থেকে তাঁরা প্রতিদিন ২৫০ টাকা হারে মজুরি পেয়ে আসছিলেন। এর মধ্যে ২০২ টাকা রাজ্য সরকারের তরফে দেওয়া হলেও বাকি অর্থ পুরসভা বহন করত। দীর্ঘ প্রায় ১২ বছর মজুরি অপরিবর্তিত থাকায় ক্ষোভ জমতে থাকে ওই কর্মীদের মধ্যে।
মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে পুরসভার সামনে একাধিকবার বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। পুরসভার গেটের সামনে রথতলার মোড়ে সম্প্রতি পদত্যাগী চেয়ারম্যান গোপাল সাহার ছবি টাঙিয়েও প্রতিবাদ সভা হয়। কর্মীরা টানা চারদিন কাজ বন্ধ রাখলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তখন পুর কর্তৃপক্ষ তাঁদের আশ্বাস দেয় যে, বিষয়টি পরবর্তী বোর্ড মিটিংয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। এরই মধ্যে ৩ জুলাই নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়। দায়িত্ব গ্রহণের দিনই তিনি জানিয়েছিলেন, প্রথম বোর্ড মিটিংয়ে অস্থায়ী কর্মীদের মজুরি বৃদ্ধির বিষয়টি আলোচ্যসূচিতে রাখা হবে। শুক্রবার বৈঠক শেষে চেয়ারম্যান সুশান্ত চট্টোপাধ্যায় বলেন, আর্থিক চাপ থাকা সত্ত্বেও কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে রোজের মজুরি ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে কর্মীদের অসন্তোষ দূর হবে এবং পুর পরিষেবার কাজও স্বাভাবিক গতিতে চলবে।