আর্থিক সংকটে ধুঁকছে ইংল্যান্ডের ক্লাবগুলি
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: দর্শকপূর্ণ স্টেডিয়াম। গ্ল্যামারের ঝলকানি আর রোমহর্ষক লড়াই। ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে ইপিএল সবসময় নজর কেড়েছে। তবে সেই রঙিন পর্দার আড়ালে বাস্তবটা কতোটা অন্ধকারে ভরা, তা ফের একবার সামনে এল। প্রবল আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে ইংল্যান্ডের অধিকাংশ পেশাদার ক্লাব। সেই তালিকায় নাম রয়েছে শীর্ষ লিগের ক্লাবগুলিরও। অবস্থা এতটাই শোচনীয় যে, মালিকরা অর্থের বন্দোবস্ত করতে না পারলে একমাসের মধ্যেই তালা ঝুলবে এক তৃতীয়াংশ ক্লাবে। এমন তথ্য সামনে আসতেই আলোড়ন ছড়িয়েছে গোটা বিশ্বে। ইংল্যান্ডের নয়া ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (আইএফআর) দাবি করেছে, ২০২৫-২৬ মরশুমে দেশের ৯৪ শতাংশ ক্লাব আর্থিক লোকসানের মুখ দেখেছে। এর মধ্যে ১৭টি ক্লাবের অবস্থা এতোটাই শোচনীয় যে, ফুটবলাররা বিনা পারিশ্রমিকে খেললেও তা মেটানো সম্ভব নয়। এছাড়া ২৯ শতাংশ ক্লাব নয়া স্পনসর জোগাড় করতে না পারলে একমাসের মধ্যেই বন্ধ হয়ে যাবে। তাই গোটা পরিস্থিতিকে গুরুতর বলেই দাবি করছে তারা। ইতিমধ্যেই একাধিক ক্লাব ব্যয় সংকোচের পথে হাঁটতে শুরু করেছে। এছাড়া ইংলিশ ফুটবল লিগ আয়োজকদের আরও বেশি করে ছোটো ক্লাবগুলির পাশে দাঁড়ানোর জন্য আরজি জানিয়েছে আইএফআর।

Advertisement