


মাদ্রিদ: বিশ্বকাপের প্রাক্কালে স্পেনের দুরন্ত ফর্ম অব্যাহত। শুক্রবার ফিফা ফ্রেডলিতে সার্বিয়াকে ৩-০ গোলে হারাল লুইস ডে লা ফুয়েন্তের ছেলেরা। জোড়া গোলে ম্যাচের নায়ক মিকেল ওয়ারজাবাল। এছাড়া স্কোরশিটে নাম তোলেন ভিক্টর মুনোজ। উল্লেখ্য, ফিনালিসিমা বাতিল হওয়ায় মার্কিন মুলুকে কাপযুদ্ধের লড়াইয়ে নামার আগে কোনও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দলকে খেলিয়ে দেখে নিতে চেয়েছিলেন স্পেন কোচ। তবে সার্বিয়ার বিরুদ্ধে সেভাবে কোনও চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি স্প্যানিশ আর্মাডাকে।
দিনের অপর ম্যাচে সুইৎজারল্যান্ডকে ৪-৩ ব্যবধানে হারাল জার্মানি। প্রতিপক্ষের ডেরায় দু’বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ফ্লোরিয়ান রিৎজের জোড়া গোলের সুবাদে জিতে মাঠ ছাড়ল জুলিয়ান নাগলসম্যানের ছেলেরা। জার্মানদের বাকি দুই গোলদাতা জনাথন তা ও সের্গে নাব্রি। সুইসদের হয়ে জাল কাঁপান যথাক্রমে ডান নোয়া, ব্রেল এমব্রোলো ও জোয়েল মন্তেইরো।
এদিকে, উরুগুয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ইংল্যান্ড। শুক্রবার ম্যাচের ৮১ মিনিটে ব্রিটিশদের এগিয়ে দেন বেন হোয়াইট। তবে ম্যাচের সংযোজিত সময়ে পেনাল্টি থেকে উরুগুয়ানদের হার বাঁচান ফেডেরিকো ভালভার্দে। অন্য এক ম্যাচে নরওয়ের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতল নেদারল্যান্ডস। ডাচদের হয়ে জাল কাঁপান ভার্জিল ফন ডিক ও তিজানি রেইডার্স। নরওয়ের একমাত্র গোলটি আন্দ্রেস শজেল্ডেরাপের।