


পাল্লেকেলে: চলতি বিশ্বকাপে ঘরের মাঠে রীতিমতো ভয়ঙ্কর দেখাচ্ছে শ্রীলঙ্কাকে। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে গ্রুপ পর্বের গণ্ডি টপকেছে তারা। রবিবার সুপার এইটে পাল্লেকেলে স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ঘরের মাঠে সুবিধার কারণে খাতায় কলমে পাল্লা ভারী দাসুন শানাকাদের। তবে উদ্দীপ্ত শ্রীলঙ্কার চ্যালেঞ্জ সামলাতে তৈরি দু’বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কারণ, বিশ্বকাপ শুরুর আগে দ্বীপরাষ্ট্রে গিয়ে শানাকাদের তিন ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল ইংলিশ-ব্রিগেড। হ্যারি ব্রুকদের সেই আত্মবিশ্বাস সঙ্গী সুপার এইটের লড়াইয়ে। তবে রবিবার পাল্লেকেলেতে বৃষ্টির পূর্বভাস রয়েছে।
গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, ওমান ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে শ্রীলঙ্কা। যদিও শেষ ম্যাচে জায়ান্ট-কিলার জিম্বাবোয়ের সামনে পা হড়কেছে। ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ভরসা জোগাচ্ছেন দুরন্ত ফর্মে পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস। আবার বোলিংয়ে তাদের স্পিনারদের সামলানো মুশকিল হবে হ্যারি ব্রুকদের পক্ষে। বিশেষ করে ছন্দে থাকা মাহিশ থিকসানাকে। পক্ষান্তরে, ইংল্যান্ডও গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল। ব্যাটিংয়ে তাদের গুরুতর সমস্যা রয়েছে। জস বাটলার, বেথেল, ব্রুকদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। তবে বোলিংয়ে পাল্লেকেলের স্পিন সহায়ক উইকেটে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন আদিল রশিদ ও লিয়াম ডসন।
খেলা শুরু বিকেল ৩টে। সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।