Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

কঙ্গোর বিরুদ্ধে সতর্ক ইংল্যান্ড

বিশ্বকাপে কঙ্গোর বিরুদ্ধে সতর্ক ইংল্যান্ড। হ্যারি কেনের ফর্ম এবং কঙ্গোর শক্তিশালী ডিফেন্স নিয়ে আলোচনা। বিস্তারিত পড়ুন।

কঙ্গোর বিরুদ্ধে সতর্ক ইংল্যান্ড
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আটলান্টা: ঘাসের ওপর শিশির তখনও ভিজে। কানসাস সিটির সোয়প সকার ভিলেজে চূড়ান্ত মহড়ায় ইংল্যান্ড দলের ফুটবলাররা। জুড বেলিংহ্যামের ডিফেন্স চেরা পাস, গর্ডনের চোরা গতি, বুকায়ো সাকা ড্রিবলে ব্যস্ত। কিন্তু কোচ টমাস টুচেলের কড়া নজর হ্যারি কেনের দিকে। বল পায়ে একের পর এক ফিনিশিং ড্রিল করছেন তারকা স্ট্রাইকার। বাঁ পায়ে শট, তারপর ডান পায়ে। ঘাম ঝরছে কপাল বেয়ে। তবুও চোখেমুখে সেই চেনা একাগ্রতা। আর সেটাই ভরসা জোগাচ্ছে ইংল্যান্ডকে। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই তিনবার বিপক্ষের জাল কাঁপিয়েছেন তিনি। সেই সুবাদে গ্রুপ এল চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে থ্রি লায়ন্স। বুধবার আটালান্টা স্টেডিয়ামে রাউন্ড অব ৩২’তে এবার তাদের প্রতিপক্ষ কঙ্গো। এই লড়াইয়ে জ্বলে উঠতে তৈরি হ্যারি কেন।

Advertisement

ইংল্যান্ডের অনুশীলনের শান্ত ছবির আড়ালে এক চাপা সতর্কতাও অবশ্য কাজ করছে। কারণ, চলতি বিশ্বকাপে আফ্রিকার দলগুলির বিরুদ্ধে ইংলিশ-ব্রিগেডের অভিজ্ঞতা মোটেও মধুর নয়। গ্রুপ পর্বে কেন-বেলিংহ্যামদের রুখে দিয়েছিল ঘানা। আর কঙ্গোও কম যায় না। তারা গ্রুপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে আটকে দিয়েছে। তাই প্র্যাকটিসে ফুটবলাররা যতই আত্মবিশ্বাস দেখান না কেন, টুচেলের কপালে চিন্তার বলিরেখা স্পষ্ট। 
কঙ্গোর ডিফেন্স খুবই জমাট। কোচ সেবাস্তিয়ান প্রাথমিকভাবে ৪-৪-২ ফর্মেশনে দল সাজালেও, পরে ৫-৩-২’তে গিয়ে প্রতিপক্ষ মিডিওদের পাসিং লেন ব্লক করে দেন। পর্তুগালের বিরুদ্ধে এই কৌশলেই এসেছিল সাফল্যে। বেলিংহ্যাম, সাকাদের মূল চ্যালেঞ্জ হবে এই  ব্লক ভাঙা। পাশাপাশি কাউন্টার অ্যাটাকেও বিপজ্জনক উইসা, বাকাম্বুরা। তবে ইংল্যান্ড ফেভারিট হিসেবেই নামবে। মাঝমাঠে বেলিংহ্যাম, রাইস চেনা মেজাজে থাকলে কঙ্গোর রক্ষণ ভাঙতে বাধ্য। সেই সঙ্গে কেন, র‌্যাশফোর্ড ও সাকা সমৃদ্ধ আক্রমণভাগ যে কোনো দলের কাছে ত্রাস হয়ে উঠতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ